
যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান ২৮৭ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে ব্রিটিশ ওই আইনপ্রণেতারা রাশিয়ার প্রবেশ করতে পারবেন না।
যুক্তরাজ্যের যেসব আইনপ্রণেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন, যাঁদের বর্তমান পার্লামেন্টে সদস্যপদ নেই। আবার সাবেক আইনপ্রণেতা ডমিনিক গ্রিভের নাম তালিকায় এসেছে দুবার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনে অভিযানের জেরে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর নানা নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির ধনকুবের ও শীর্ষ রাজনীতিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও।
গত ১১ মার্চ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এরই জবাবে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ওই আইনপ্রণেতাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হাউস অব কমন্সের ওই আইনপ্রণেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ ছাড়া তাঁরা যুক্তরাজ্যে ভিত্তিহীনভাবে রুশভীতি ছড়াতে কাজ করেছেন।