বড়দিনের আগেই ইউরোপের বিভিন্ন দেশ টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে। ইউরোপীয় ওষুধ সংস্থা (এমা) জানিয়েছে, ২১ ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশে বায়োএনটেক ও ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।
টিকাটি ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। এমা বলছে, করোনা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়সীমার আট দিন আগেই টিকাটির অনুমোদন দেওয়া হচ্ছে।
জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজার ১০ নভেম্বর বিশ্বের প্রথম কার্যকর করোনার টিকার তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী, যেকোনো টিকা অনুমোদিত হওয়ার আগে তা অবশ্যই তিনটি ধাপ পার করতে হয়। টিকা গবেষক বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকদের একটি ছোট গ্রুপকে এই টিকা দিয়ে থাকে। এ পর্যায়ে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা হয়।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় জরুরি অবস্থার মধ্যেই টিকাটি ইইউ বিধি অনুযায়ী নিবন্ধিত হচ্ছেইয়ান স্পান, স্বাস্থ্যমন্ত্রী, জার্মানি
প্রথম পর্যায় সফল হলে দ্বিতীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এর কার্যকারিতা ও এর উপযুক্ত ডোজ পরীক্ষা করা হয়। তৃতীয় ধাপে অনেক বেশি মানুষকে টিকা দেওয়া হয়। এ সময় টিকার কার্যকারিতা ও ডোজের পরিমাণ নিশ্চিত করা হয়। এ ছাড়া টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করা হয়।
বায়োএনটেক ও ফাইজারের তৃতীয় ধাপের ফলাফল অনুযায়ী, তাদের টিকাটি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯৫ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম। তৃতীয় ধাপে টিকাটি জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কে ৪৩ হাজার ৫০০ ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়েছিল।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান মঙ্গলবার বলেছেন, জার্মানির মাইঞ্ছ শহরে বায়োএনটেকের গবেষণাগারে টিকাটি উদ্ভাবন করা হয়েছে। তবে তাঁরা এটি শুধু জার্মানিতে প্রয়োগের কথা না ভেবে ইইউ জোটের সব দেশের জন্য অনুমোদন ও প্রয়োগের কথা ভেবেছেন। প্রাথমিকভাবে ৮০ বছরের ঊর্ধ্বে ঝুঁকিপূর্ণ বয়স্ক ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া যাঁরা বৃদ্ধাশ্রমে থাকেন ও চিকিৎসা পেশার সঙ্গে জড়িত, তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন।
ইয়ান স্পান আরও বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় জরুরি অবস্থার মধ্যেই টিকাটি ইইউ বিধি অনুযায়ী নিবন্ধিত হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।
যাঁরা বায়োএনটেকের টিকাটি নিয়েছেন, তাঁদের মধ্য ৩ দশমিক ৮ শতাংশ মানুষ ক্লান্তি ও ২ শতাংশ মানুষ মাথাব্যথার কথা বলেছেন।
ইউরোপীয় কমিশন জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বায়োএনটেক ও ফাইজারের সঙ্গে টিকা বিষয়ে চুক্তি করেছে। দুটি সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তিতে ২০ কোটি টিকা সংগ্রহ করবে ইউরোপীয় ইউনিয়ন। আরও ১০০ কোটি টিকা চাহিদামতো সময়ের জন্য ফরমাশ দেওয়া হয়েছে।