মায়ের পদবি ব্যবহার করতে পারবে সন্তান, ইতালির আদালতের রায়

সন্তানদের পদবি কী হবে, সে বিষয়ে মা-বাবা দুজন মিলে সিদ্ধান্ত নিতে পারবেন
সন্তানদের পদবি কী হবে, সে বিষয়ে মা-বাবা দুজন মিলে সিদ্ধান্ত নিতে পারবেন

বিশ্বের বিভিন্ন দেশে সন্তানের নামের শেষে বাবার পদবি ব্যবহার করা হয়। ইউরোপের দেশ ইতালিও এর ব্যতিক্রম নয়। কিন্তু প্রচলিত এই নিয়মকে বেআইনি আখ্যা দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। বুধবার আদালত এই রায় দেন। এই রায় নারী অধিকার রক্ষায় আরেক ধাপ এগিয়ে যাবে বলে সবাই এ রায়কে সাধুবাদ জানিয়েছেন। খবর রয়টার্সের

আদালতের রায়ে বলা হয়েছে, সন্তানের নামের সঙ্গে বাবার পদবি ব্যবহারের প্রচলিত নিয়মটি অসাংবিধানিক। শিশুর পরিচয় শনাক্ত করতে এ ধরনের নিয়মকে বৈষম্যমূলক বলেও আখ্যা দেন আদালত। পাশাপাশি দেশটির পার্লামেন্টকে এই আইন পরিবর্তন করতে বলেছেন আদালত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত জানিয়েছে, সন্তানের পদবি কী হবে, সে বিষয়ে মা-বাবা দুজন মিলে সিদ্ধান্ত নিতে পারবেন। এটি ব্যক্তিগত পরিচয়ের একটি মৌলিক উপাদান গঠনে সহায়তা করবে।

এতে আরও বলা হয়েছে, এখন থেকে শিশুরা মা-বাবা যে কারোর পদবি ব্যবহার করতে পারবে। চাইলে দুজনের পদবিই ব্যবহার করতে পারবে শিশুরা। যদি এ বিষয়ে মতানৈক্য দেখা দেয়, তাহলে বিচারকের শরণাপন্ন হতে হবে।

আদালতের এ রায়কে ইতালির নারীদের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছে ইতালির শীর্ষ দৈনিক লা রিপাবলিকা। ইতালির সাবেক একনায়ক বেনিতো মুসোলিনির নাতি আলেসান্দা মুসোলিনি এই রায়ের ভূয়সী প্রশংসা করেছেন। দীর্ঘ প্রক্রিয়ার পর তিনি তিন সন্তানকে নিজের পদবি ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন।