রাশিয়ায় করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড

রাশিয়ায় গত কয়েক সপ্তাহজুড়ে আকাশ ছুঁয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা।
 ফাইল ছবি রয়টার্স

করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। এর মধ্যেই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। গত এক দিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭০২ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

করোনা মহামারিতে রাশিয়ায় গত কয়েক সপ্তাহজুড়ে আকাশ ছুঁয়েছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যেই দেশটির বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে টিকা গ্রহণে অনীহা। গত সপ্তাহে করা এক জরিপে দেখা যায়, রাশিয়ার ৫৪ শতাংশ লোকজনই টিকা গ্রহণের বিষয়টি এখনো মাথায় রাখছেন না।

এদিকে টিকা নেওয়ার পরিমাণ বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে মস্কো। সম্প্রতি দেশটিতে চাকরিজীবীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়। এর জের ধরে গত সপ্তাহগুলোয় কিছুটা বেড়েছে টিকা গ্রহণের প্রবণতা। গতকাল পর্যন্ত রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১৩ শতাংশ টিকা নিয়েছেন।

রাশিয়ায় প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৯২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে। দেশটিতে গত মে মাসের শেষ পর্যন্ত করোনায় কমপক্ষে ২ লাখ ৯০ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জরিপকারী সংস্থা রসতাত।