মাতৃভূমির জন্য যুদ্ধ করছেন রুশ সেনারা: পুতিন

বিজয় দিবস উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজে ভাষণ দিচ্ছেন ভ্লাদিমির পুতিন
ছবি: রয়টার্স

মাতৃভূমির ভবিষ্যৎ রক্ষায় রুশ সেনারা ইউক্রেনে লড়াই করছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে দেওয়া ভাষণে এ কথা বলেন পুতিন। খবর বিবিসির

দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর হাতে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে রাশিয়া। আজ সোমবার ছিল ওই বিজয়ের ৭৭তম বার্ষিকী। আজকের ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় কোনো ঘোষণা দিতে পারেন, এমন কথা শোনা গিয়েছিল। কিন্তু সেই আলোচনায় পানি ঢেলে দেন তিনি। এ সময় ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন পুতিন।

ইউক্রেন যুদ্ধের ১১তম সপ্তাহ চলছে। শুরু থেকেই রাশিয়া এই যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। গতকাল ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর বিলোহোরিভকায় রুশ বাহিনীর বোমা হামলায় ৬০ জন বেসামরিক ব্যক্তি নিহত হন।

সোমবারের ভাষণে ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের ফ্যাসিস্ট বলেছেন। এ ছাড়া নব্য নাৎসিদের হাতে কিয়েভের গণতান্ত্রিক সরকার পরিচালিত হচ্ছে বলে আবার দাবি করেন তিনি।

পুতিন বলেন, মাতৃভূমি রক্ষা করা একটি পবিত্র কাজ। ইউক্রেনের উত্তরাঞ্চলকে ইঙ্গিত করে তিনি বলেন, অঞ্চলটি এখন রাশিয়ার মূল টার্গেট। যুদ্ধরতদের উদ্দেশে পুতিন বলেন, ‘দনবাসে আমাদের জনগণ, রাশিয়ার নিরাপত্তা ও আমাদের জন্মভূমি রক্ষা করতে আপনারা যুদ্ধ করছেন।’

বক্তব্যে যুদ্ধের জন্য ন্যাটো ও ইউক্রেনকে দায়ী করেন পুতিন। তিনি বলেন, ‘তারা আমাদের ঐতিহাসিক ভূমিতে অনুপ্রবেশ করেছে। ন্যাটো আমাদের চারপাশ ঘিরে ফেলেছে। এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশ ও সীমান্ত এলাকার জন্য স্পষ্ট হুমকি।’
রাশিয়ার সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বিজয় দিবস উপলক্ষে আজকের কুচকাওয়াজে ১১ হাজার সেনা এবং ১৩১টি সাঁজোয়া যান অংশ নেয়। দিবস উপলক্ষে রাশিয়ার বিভিন্ন শহরজুড়ে ছোট ছোট কুচকাওয়াজের আয়োজন করা হয়।