
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে তিনি শর্ত জুড়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ায় কোনো ধরনের হামলা না চালালেই এ সাক্ষাৎ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এমনটা জানিয়েছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘যুক্তরাষ্ট্রই প্রথম এ সাক্ষাতের প্রস্তাব করেছে। কারণ, আমরা বিশ্বাস করি, ইউক্রেন নিয়ে যে সংকট চলছে, কূটনীতি ও আলোচনার মাধ্যমে তার দায়িত্বশীল সমাধান বের হতে পারে।’
কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের কথা বললেও আবারও হামলার আশঙ্কার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হতে পারে।
বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাইডেন।
তবে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে মস্কো। সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা আসে দেশটির পক্ষ থেকে। এ ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে পশ্চিমারা।
রাশিয়া-ইউক্রেন সংকটের মূলে রয়েছে ন্যাটো। ন্যাটোতে যোগ দিতে বেশ এগিয়েছে ইউক্রেন। তবে এ নিয়ে মাথাব্যথা রয়েছে মস্কোর। ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে দেশটি।