
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের ১০০ দিন পূর্তিতে স্থানীয় সময় গতকাল শুক্রবার জয়ের শপথ নিয়েছেন। দেশটির পূর্ব দিকে রুশ সেনারা যখন অগ্রসর হয়েছেন, তখন জেলেনস্কি এমন শপথের কথা জানালেন। জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরাই জয় পাব।’ খবর এএফপির।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলার ১০০ দিন পেরিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। এখন পর্যন্ত ইউক্রেনে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রুশ সেনাদের লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া। তবে ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে রুশ বাহিনী এখনো কিয়েভ দখল করতে পারেনি। রুশ বাহিনী এখন পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে।
এই পরিস্থিতিতে রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, প্রথমদিকে রুশ বাহিনীকে হুমকিস্বরূপ মনে হয়েছে। পরে তাদের বিপজ্জনক মনে হয়েছে। তবে এখন রুশ বাহিনী কেবলই এক ধরনের তিক্ত অভিজ্ঞতা। কারণ, রুশ বাহিনী যুদ্ধাপরাধের মতো লজ্জাজনক কাজ করছে।
তবে ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের বেশ কিছু অঞ্চলের স্বাধীনতা অর্জিত হয়েছে। পশ্চিমারা ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্র পাঠিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞাও জারি করেছে।
জাতিসংঘ বলছে, বিশ্বব্যাপী খাদ্যসংকট পরিস্থিতিতে ইউক্রেনের শস্য বাইরে আনার অনুমতি দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে।
এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে কোনো বাধা নেই। পুতিন আরও বলেন, রাশিয়া নিয়ন্ত্রিত মারিউপোল বন্দর, বার্দিইয়ানস্ক দিয়ে শস্য রপ্তানি হতে পারে।