সবচেয়ে বয়স্ক কুকুর স্পাইক

কুড়িয়ে পাওয়া স্পাইকই এখন তারকা
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

এক যুগের আগের ঘটনা। মুদিদোকানে একটি কুকুর দেখতে পান রিতা কিম্বল। পিঠের লোম উঠে গেছে। গলায় শিকল কিংবা রশির ঘষায় ঝরা রক্তের দাগ। বেশ শীর্ণকায় দেখাচ্ছিল কুকুরটিকে। দোকান কর্মচারী জানালেন, তিন দিন ধরে কুকুরটি সেখানে আছে। তাকে ঝুটা খাইয়ে রাখা হয়েছে। দোকানটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্যামডেনে। কেনাকাটা শেষে রিতা ও তাঁর পরিবারের সদস্যরা গাড়ি রাখার জায়গায় ফেরেন। তখন তিনি দেখতে পান, কুকুরটিও তাঁদের পিছু পিছু আসছে। রিতা জানতে পারেননি কে কুকুরটির মালিক। সিদ্ধান্ত নেন নিজের ছোট্ট খামারে প্রাণীটিকে আশ্রয় দেওয়ার।

এরপর অনেক কিছু ঘটে গেছে। আশ্রয়ের সঙ্গে নামও পেয়েছে চিহুয়াহুয়া শংকর জাতের কুকুরটি। জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরির’ বড়সড় কুকুরটির অনুকরণে তার নাম রাখা হয় ‘স্পাইক’। কিন্তু কে জানত, আকারে না হলেও বয়সে কোনো একদিন রেকর্ড বইয়ে নাম লেখাবে স্পাইক।

সিএনএন জানায়, জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে স্পাইক। গত ৭ ডিসেম্বর স্পাইকের বয়স হয় ২৩ বছর ৭ দিন। প্রায় ৯ ইঞ্চি লম্বা আর ওজন ৬ কেজি থেকে সামান্য কম। প্রায় ১৩ বছর আগে স্পাইককে কুড়িয়ে পাওয়ার সময় তার বয়স আনুমানিক ১০ বছর ছিল বলে মনে করা হয়।

‘জিমি ফ্যালন’ সিরিজের একটি পর্বে রিতা দেখেন, আগের সবচেয়ে বয়স্ক কুকুর ছিল ‘পেবলস’। ২০২২ সালের অক্টোবরে ২২ বছর বয়সে মারা যায় কুকুরটি। এতে স্পাইকই জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর বলে তাঁর মনে হয়েছে। এরপর তিনি গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। রিতা বলেন, ‘আমাদের পরিবারের প্রায় সবাই জানত স্পাইকের অনেক বয়স। কিন্তু তার যে রেকর্ড গড়ার মতো বয়স হয়েছে, সেটা কেউ বুঝতে পারেননি।’ সে এখন রেকর্ডধারী, তাঁরা স্পাইককে রীতিমতো তারকা হিসেবে দেখছেন।

স্পাইক বন্ধুসুলভ বলে জানান রিতা। তিনি বলেন, দেখতে ছোটখাটো হলেও সে বড় কুকুরের মতোই আচরণ করে। অবশ্য তিনি বলেন, স্পাইক এখন প্রায় অন্ধ, কানেও তেমন শোনে না। এ জন্য একা থাকতেই পছন্দ করে।