কে–টু পর্বতারোহীদের অবহেলায় কি মৃত্যু পাকিস্তানি শেরপার

ক্রিস্টিন হরিলা (বাঁয়ে) ও তেনজিন লামা শেরপা (ডানে)
ছবি: এএফপি ফাইল ছবি

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে–টু-এর সর্বোচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টাকালে মোহাম্মদ হাসান নামের এক পাকিস্তানি শেরপার মৃত্যু হয়েছে। ওই একই দিনে (২৭ জুলাই) প্রায় ১০০ পর্বতারোহী কে–টু-এর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। এদিন কে–টু-এর চূড়ায় ওঠার মধ্য দিয়ে নরওয়ের নারী পর্বতারোহী ক্রিস্টিন হরিলা এবং তাঁর নেপালি গাইড তেনজিন লামা শেরপা দ্রুততম সময়ে পৃথিবীর ১৪ পর্বতশৃঙ্গ জয়ের কীর্তি গড়েছিলেন।

তবে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি শেরপা মোহাম্মদ হাসান (২৭) পড়ে যাওয়ার পর তাঁর গায়ের ওপর দিয়েই পর্বতারোহীদের দীর্ঘ সারি চূড়ার দিকে এগিয়ে চলেছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ক্রিস্টিন হরিলা ও তেনজিন লামা শেরপা সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ লিখেছেন, হরিলা অমানবিক কাজ করেছেন। আবার কেউ লিখেছেন, এ পর্বতারোহীর হাতে শেরপার রক্তের দাগ লেগে আছে।

এমন অবস্থায় গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন ৩৭ বছর বয়সী হরিলা। তিনি লিখেছেন, মোহাম্মদ হাসান নামের ওই শেরপাকে বাঁচাতে তাঁর দল সাধ্যমতো চেষ্টা করেছে।

হরিলার দলে তিনি, ক্যামেরাপারসনসহ চারজন ছিলেন। এই পর্বতারোহীর দাবি, তাঁরা হাসানকে তোলার জন্য দেড় ঘণ্টা চেষ্টা করেছেন। পরে সামনে থাকা একটি ফিক্সিং দলের কাছ থেকে বিপদসংকেত পেয়ে তিনি আবার এগোতে শুরু করেছিলেন। তবে তাঁর ক্যামেরাপারসন গ্যাব্রিয়েল ওই পাকিস্তানি শেরপার কাছে থেকে গিয়েছিলেন। অন্য পর্বতারোহীরা যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন, তখন গ্যাব্রিয়েল তাঁর অক্সিজেন এবং গরম পানি হাসানকে দিয়েছিলেন। এক ঘণ্টা থাকার পর গ্যাব্রিয়েল নিজের জীবন বাঁচাতে অক্সিজেন নিতে সামনে এগিয়ে যেতে বাধ্য হন। পরে ফেরার পথে তাঁরা হাসানকে মৃত অবস্থায় দেখতে পান।

হরিলা আরও লিখেছেন, হাসানের মৃতদেহ নিচে নামিয়ে আনার মতো অবস্থায় তাঁরা ছিলেন না। মৃতদেহটি নামিয়ে আনতে অন্তত ছয়জন লোকের প্রয়োজন ছিল। তাঁরা চারজন ছিলেন।

হাসানের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন হরিলা। তবে তাঁর দাবি, পর্বতারোহণের জন্য যথাযথ সরঞ্জামাদি হাসানের সঙ্গে ছিল না। তিনি ডাউন স্যুট এবং গ্লাভস পরা ছিলেন না।

পাকিস্তানের গিলগিট বালটিস্তানের পর্যটন কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, এ ঘটনায় তারা তদন্ত শুরু করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও কেউ কেউ আবার হরিলার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা বলছেন, কাজটি বিপজ্জনক ছিল।

আট হাজার মিটারের বেশি উঁচু বিশ্বে এভারেস্টসহ ১৪টি পর্বতশৃঙ্গ রয়েছে। এগুলোর সব কটির অবস্থান পাকিস্তান, তিব্বত (চীন লাগোয়া) ও নেপালে—হিমালয় ও কারাকোরাম পর্বতমালায়। ক্রিস্টিন হরিলা ও লামার আগে দ্রুততম সময়ে এই ১৪ পর্বতশৃঙ্গ জয়ের কীর্তি গড়েছিলেন নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পুরজা। ২০১৯ সালে তিনি ওই কীর্তি গড়তে সময় নিয়েছিলেন ছয় মাস ছয় দিন। আর ক্রিস্টিন হরিলা ও লামা সময় নিয়েছেন তিন মাস এক দিন।