‘আমার কি টুইটারপ্রধান হিসেবে পদত্যাগ করা উচিত?’

ইলন মাস্ক
ছবি: এএফপি ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে নতুন একটি জনমত জরিপ শুরু করেছেন। তিনি স্বপদে বহাল থাকবেন নাকি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর পদত্যাগ করা উচিত জানতে লাখো টুইটার ব্যবহারকারীর মধ্যে জরিপ চালাচ্ছেন তিনি। খবর এএনআই-এর

একটি টুইটে মাস্ক জানতে চেয়েছেন, ‘আমার কি টুইটারপ্রধান হিসেবে পদত্যাগ করা উচিত? এ জনমত জরিপে যে ফলাফল আসবে তাই আমি মেনে নেব।’

আরেকটি টুইটে ইলন মাস্ক লিখেছেন, ‘সামনে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা নিয়ে একটি ভোটাভুটি হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এমনটা আর হবে না।’

তৃতীয় একটি টুইটে তিনি লিখেছেন, ‘কথায় বলে, যা চাইছ তা পাওয়ার ফল ভালো হবে কিনা তা নিয়ে সতর্ক হও।’ টুইটারে অন্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রচারে যুক্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণার পর এ জরিপটির ঘোষণা দেওয়া হলো।

গতকাল রোববার টুইটার সাপোর্ট দলের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা স্বীকার করছি আমাদের অনেক ব্যবহারকারী অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছে। আমরা এখন আর টুইটারে বিনা মূল্যে নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রচার চালাব না।’

টুইটার সাপোর্ট দল বিষয়টি পরিষ্কার করে বলেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মাস্টোডন, ট্রুথ সোশ্যাল, ট্রিবেল, এনস্টার এবং পোস্ট-এ সব সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক কিংবা ইউজারনেম যুক্ত কনটেন্ট প্রচারে যে অ্যাকাউন্টগুলো ব্যবহার হচ্ছে তা তারা সরিয়ে দেবে।  

সম্প্রতি ছয় খ্যাতনামা সাংবাদিকের বিরুদ্ধে তাঁর পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ এনে তাঁদের টুইটার থেকে বাদ দেন মাস্ক। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। তাঁর কড়া সমালোচনা করে জাতিসংঘ ও ইইউ। পরে ওই টুইটার অ্যাকাউন্টগুলো পুনর্বহাল করা হয়।