ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া বেলারুশকে আরও গভীরভাবে সম্পৃক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল বা ন্যাটোভুক্ত কোনো দেশের ওপর হামলার পরিকল্পনা করছে মস্কো।
গতকাল শুক্রবার সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা লিখেছেন।
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে বেলারুশকে আরও গভীরভাবে জড়িয়ে নেওয়ার জন্য রাশিয়া যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তার প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করে চলেছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেন জানতে পেরেছে যে রাশিয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোকে “নতুন সামরিক অভিযানে”যোগ দিতে রাজি করানোর চেষ্টা করছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া বেলারুশের দক্ষিণ ও উত্তর দিক থেকে সামরিক অভিযানের পরিকল্পনা করছে। বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি ইউক্রেনের চেরনিহিভ-কিয়েভ এলাকার দিকে বা কোনো ন্যাটো দেশের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে তারা। তবে জেলেনস্কি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।
বেলারুশের দক্ষিণে ইউক্রেনের অবস্থান। আর উত্তর ও পশ্চিমে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া।
জেলেনস্কির মন্তব্যের বিষয়ে রাশিয়া বা বেলারুশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মস্কো ইউক্রেনে তাদের সামরিক পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি। কারণ, সেগুলো রাষ্ট্রীয় গোপন তথ্য হিসেবে বিবেচিত হয়।
আলেকসান্দার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন। তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে লুকাশেঙ্কো এখন পর্যন্ত বেলারুশের সেনাদের ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাননি।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মিনস্ক তাদের ভূখণ্ডে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েনে সম্মত হয়েছে।
ইউক্রেনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলেনস্কি গত মাসে বলেছিলেন, রাশিয়া এমন প্রস্তুতি নিচ্ছে, যা থেকে বোঝা যায় তারা আবারও চার বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে বেলারুশকে জড়ানোর চেষ্টা করবে।
জেলেনস্কি আরও বলেন, ‘আলেকসান্দার লুকাশেঙ্কো যদি ভুল সিদ্ধান্ত নেন এবং রাশিয়ার এ উদ্দেশ্যকে সমর্থন জানানোর কথা ভাবেন, তবে ইউক্রেন অবশ্যই নিজেকে ও নিজের জনগণকে রক্ষা করবে।’
জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পাল্টা হামলার পরিকল্পনা প্রস্তুত করা এবং উত্তরের চেরনিহিভ ও কিয়েভ অঞ্চলের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দারনিতস্কি এলাকায় একটি নয়তলা আবাসিক ভবনে হামলায় প্রাণহানির ঘটনায় গতকাল সেখানে শোক পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার এ হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন।
এ হামলার জবাবে গতকাল পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়েছে। জেলেনস্কি এ পাল্টা জবাবকে সম্পূর্ণ ন্যায্য বলে উল্লেখ করেছেন।