
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। আজ মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে এই অস্বীকৃতি জানানোর ঘটনা ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের পক্ষ থেকে নেওয়া এ ধরনের প্রথম পদক্ষেপ। তবে এ বিষয়ে তাৎক্ষণিক ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইতিমধ্যে ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধে ইউরোপের দেশগুলোর মধ্যে সমালোচক হিসেবে নিজের অবস্থান আরও জোরদার করেছে স্পেন।
স্পেনের দৈনিক পত্রিকা ‘এল পাইস’ প্রথম এ খবর প্রকাশ করে। পরে গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে স্পেন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পাবে না ওয়াশিংটন।