ইউক্রেনকে আরও ৪৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

ইউক্রেনকে আরও ৪৫ বিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়। এক দিন আগে উচ্চকক্ষ সিনেটে ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলারের যে সরকারি বিল পাস হয়, এটি তার অংশ। প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে।  

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করলে অর্থ, সমরাস্ত্রসহ নানা দিক দিয়ে সহায়তার হাত বাড়ায় যুক্তরাষ্ট্র। কয়েক দফায় দেশটি ইউক্রেনকে সহায়তা দিয়েছে। এই সহায়তার পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। এখন নতুন করে ৪৫ বিলিয়ন ডলার সহায়তার যে অনুমোদন দেওয়া হলো, সেটা আগামী বছর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অন্যান্য সহায়তা চালিয়ে যেতে ভূমিকা রাখবে।

গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। তারা ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির প্রস্তাব আটকে দিলে তাতে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় বাইডেন প্রশাসনকে বেগ পেতে হবে না। এখন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ায় এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে পারবে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান। তাঁর সফরের পরই কংগ্রেস কিয়েভেকে সহায়তার বিলে অনুমোদন দিল। এ জন্য কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে টুইট করে জেলেনস্কি বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে আমেরিকানরা এ সংগ্রামে ইউক্রেনীয়দের পাশে আছেন।’  

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিতে ওয়াশিংটনকে রাজি করিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা চাচ্ছিলেন। ইউক্রেনের বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে তিন মাস ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এতে দেশটির কোটি কোটি মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন। এমন এক পরিস্থিতিতে জেলেনস্কি জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা চাচ্ছিলেন।  

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফরের সময় গত বুধবার হোয়াইট হাউসে তাঁর সঙ্গে বৈঠকে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে এতে যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেই তাঁরা ধারণা করছেন।

সামরিকভাবে ইউক্রেনকে সহায়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেলের মূল্যসীমাও বেঁধে দিয়েছে।    

তবে রাশিয়ার পক্ষ থেকে এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হচ্ছে। গতকাল শুক্রবার মস্কো হুমকি দিয়ে বলেছে, আগামী বছরের শুরুতে তারা জ্বালানি তেল উৎপাদন ৫ থেকে ৭ শতাংশ কমিয়ে দেবে। রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দেওয়ার ক্ষেত্রে যেসব দেশ সাহায্য করেছে, সেসব দেশে তেল রপ্তানি স্থগিত করে দেবে তারা।  

জেলেনস্কির সতর্কবার্তা

যুদ্ধ শুরুর পর প্রতি রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি ইউক্রেনীয়দের সতর্ক করেন, বড়দিন কেন্দ্র করে রাশিয়া আরও হামলা করতে পারে। হামলার আগে যে সতর্কসংকেত বাজানো হয়, তাতে মনোযোগ দেওয়ার আহ্বান এবং একে অপরের খোঁজ রাখতেও বলেন তিনি।

জেলেনস্কি বলেন, ছুটির মৌসুম ঘনিয়ে আসছে। রাশিয়ার সন্ত্রাসীরা আবার তাদের তৎপরতা বাড়াতে পারে। এ ক্ষেত্রে খ্রিষ্টান, এমনকি কোনো ধর্মীয় মূল্যবোধের প্রতিই তারা ভ্রুক্ষেপ করে না। রুশ ভাষায় সতর্ক করে তিনি আরও বলেন, রুশ নাগরিকদের মনে রাখতে হবে যে পাল্টা প্রতিক্রিয়া ছাড়া সন্ত্রাসীরা পার পাবে না।