লিলি কার্টিয়ার
লিলি কার্টিয়ার

সঙ্গীকে বিষ প্রয়োগ করে তাঁর ব্যাংক কার্ড ব্যবহার, নারীর কারাদণ্ড

যুক্তরাজ্যে পুরুষ সঙ্গীকে মাসের পর মাস বিষ প্রয়োগ এবং তাঁর ব্যাংক কার্ড নিয়ে জালিয়াতি করার দায়ে এক নারীর কারাদণ্ড হয়েছে। কিংসটন ক্রাউন আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

ওই নারীর নাম লিলি কার্টিয়ার। তিনি সারি কাউন্টির ফেলব্রিজ এলাকার বাসিন্দা। একটি ওষুধের দোকানে কাজ করতেন।

জন শারার্ড নামের এক ব্যক্তির সঙ্গে থাকতেন ৫৩ বছর বয়সী কার্টিয়ার। তিনি তাঁর কর্মস্থল থেকে ওষুধ চুরি করে সেগুলো শারার্ডের খাবার ও পানীয়র সঙ্গে মিশিয়ে দিতেন। শারার্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ব্যাংক কার্ড ব্যবহার করেছেন কার্টিয়ার।

শারীরিকভাবে গুরুতর ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগ এবং জালিয়াতি করায় কার্টিয়ারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৭১ বছর বয়সী শারার্ড অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করতে বলা হয়। তাঁর উপসর্গগুলো সম্পর্কে চিকিৎসকেরা নিশ্চিত হতে পারছিলেন না। চিকিৎসকেরা সন্দেহ করছিলেন, তিনি পারকিনসনসে আক্রান্ত। কারণ, তাঁর পেশিতে খিঁচুনি হচ্ছিল এবং তাঁর মনস্তাত্ত্বিক কার্যক্ষমতা কমে যাচ্ছিল।

শারার্ড দুবার পড়ে যাওয়ার পর পুলিশের কাছে যান তাঁর ভাই। তিনি অভিযোগ করেন, সম্ভবত কার্টিয়ার তাঁর ভাইকে বিষ প্রয়োগ করছেন।

পরে স্বাস্থ্য পরীক্ষায় শারার্ডের শরীরে দুটি ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে একটি ওয়ারফারিন। এ ওষুধের কারণে গুরুতর রক্তক্ষরণ হতে পারে। শারার্ডের চুলের নমুনায় হ্যালোপেরিডল নামের অ্যান্টিসাইকোটিক ওষুধ (মানসিক চিকিৎসায় ব্যবহৃত) শনাক্ত হয়েছে।

শারার্ড বলেছেন, দুটি ওষুধের কোনোটিই তিনি সজ্ঞানে খাননি। শারার্ডের ভাই অভিযোগ করেন, ওষুধের দোকানে কাজ করার সুবাদে কার্টিয়ারের জন্য ওষুধগুলো পাওয়া সহজ হয়েছে।

২০১৭ সালের নভেম্বরে কার্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁর হাতব্যাগে হ্যালোপেরিডল পাওয়া যায়। পরে তাঁর খাটের পাশের কেবিনেট থেকে ওয়ারফারিন উদ্ধার হয়।

তদন্তে দেখা গেছে, শারার্ড হাসপাতালে থাকার সময় তাঁর অনুমতি না নিয়ে তাঁর ব্যাংক কার্ড দিয়ে কয়েকবার লেনদেন করা হয়েছে। এ কার্ড ব্যবহার করে কার্টিয়ার গয়না ও কাপড়চোপড় কিনেছেন। তিনি ছয় হাজার পাউন্ডের বেশি অর্থ তুলেছেন।

কার্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর শারার্ড অসুস্থ অবস্থায় মারা যান। অন্য এক শারীরিক জটিলতায় তিনি মারা যান।

এক বিবৃতিতে শারার্ডের ভাই বলেন, তিনি (শারার্ড) ‘অসংলগ্ন’ হয়ে পড়েছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ভয়ংকর, নির্লজ্জ নারী আমার ভাইয়ের জীবনকে মূল্য দেয়নি বললেই চলে। একজন মানুষ অন্য একজন মানুষের সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করতে পারে—এটা বিশ্বাস করা কঠিন।’

সারি পুলিশের এক কর্মকর্তা বলেন, কার্টিয়ার পরিকল্পিতভাবে অপরাধ সংঘটিত করেছেন। শারার্ড হাসপাতালে থাকাকালে তাঁর (কার্টিয়ার) মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি।