
জন্মদিন উদ্যাপন করতে ইতালির একটি অবকাশযাপনকেন্দ্রে গিয়েছিলেন ব্রিটিশ নাগরিক অ্যারন ছাদা (৫২)। স্ত্রী ও দুই সন্তানও তাঁর সঙ্গে ছিলেন। স্থানীয় গারদা লেকে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে যায় ছোট ছেলেটি। তাঁকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন অ্যারন। ছেলেটিকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান তিনি। গত ২২ জুলাই এ ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবীরা লেক থেকে অ্যারনের লাশ উদ্ধার করেন। খবর বিবিসির
কোস্টগার্ড জানিয়েছে, লেকে ঘুরে বেড়াতে একটি নৌকা ভাড়া করেছিল পরিবারটি। এ সময় লেকে সাঁতার কাটতে গিয়ে সমস্যায় পড়ে যায় অ্যারনের এক ছেলে। তাঁকে বাঁচাতে গিয়ে পানিতে লাফ দেন তিনি। ছেলেকে উদ্ধার করার পর অসুস্থ হয়ে পড়ায় অ্যারন পানি ডুবে যান বলে ধারণা করছে কোস্টগার্ড। অ্যারনকে পানিতে ডুবে যেতে দেখে জরুরি সহায়তা নম্বর ১১২-এ ফোন দেন তাঁর স্ত্রী।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ছেলেকে ডুবে যেতে দেখে মা চিৎকার করে ওঠেন। তখন ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে লাফ দেন বাবা। এ সময় পাশেই টহলরত একটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠায় কোস্টগার্ড। পরে হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের ডুবুরি, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযানে যোগ দেয়।
বর্তমানে অ্যারন ছাদার স্ত্রী-সন্তানেরা যুক্তরাজ্যে আছেন। অ্যারনের লাশ শনাক্ত করতে শিগগিরই তাঁরা ইতালি যাবেন বলে জানা গেছে।