রাশিয়ায় দুই সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড

মাইকেল ন্যাকে এবং রুশলান লেভেইভ
মাইকেল ন্যাকে এবং রুশলান লেভেইভ

রাশিয়া দেশটির দুই সাংবাদিককে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে তাঁদের দণ্ডিত করা হয়েছে। তবে গত মে মাসে অভিযুক্ত হওয়ার পর দুজনই দেশ ছেড়ে পালান।

দণ্ডিত দুই সাংবাদিক হলেন রুশলান লেভেইভ এবং মাইকেল ন্যাকে। আজ মঙ্গলবার আইনজীবীরা এক বিবৃতিতে এই শাস্তির বিষয়টি জানায়।

আইনজীবীরা সাংবাদিকদের বলেন, গত মার্চে সাংবাদিক রুশলান লেভেইভ এবং মাইকেল ন্যাকে অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সেনাবাহিনী সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য ছড়ানো হয়।

ন্যাকে একটি ইউটিউব চ্যানেল চালান। সেখানে সাত লাখের বেশি সাবস্ক্রাইবার (গ্রাহক) রয়েছে। অন্যদিকে লেভেইভ কনফ্লিক্ট ইনটেলিজেন্স টিম (সিআইটি) প্রতিষ্ঠা করেন। এটির কাজ রাশিয়ার সেনাবাহিনী নিয়ে তদন্ত করা।

গত বছর ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া সরকারের কড়া সমালোচকদের দমিয়ে রাখতে এই ধরনের অভিযোগগুলোকে ব্যবহার করা হচ্ছে।

ভিন্নমত দমন করতে এর আগেও এই দুই সাংবাদিকের গায়ে ‘বিদেশি এজেন্ট’–এর তকমা লাগানো হয়েছিল।

আগস্টে সিআইটিকে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, সংস্থাটির কাজ অপরাধের শামিল এবং এটি তার কর্মীদের ঝুঁকির মুখে ফেলেছে।