
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের সরকার নিহতের এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণে রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ পুরোপুরি স্থগিত করেছে দেশটির রেল পরিচালনাকারী সংস্থা আদিফ। স্থানীয় সময় আজ বুধবার সকাল নয়টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া স্থানীয় একটি বেতারকে বলেন, তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
পাদিয়া জানান, দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে এক শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় ট্রেন সার্ভিস রেনফেতে যাত্রী ছিলেন ৩৯৭ জন।
ইরিও ট্রেনের যাত্রী এদুয়ার্দা স্থানীয় সংবাদমাধ্যমকে এ দুর্ঘটনা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, প্রচণ্ড ধাক্কায় তিনি সামনের দিকে ছিটকে যান এবং তাঁর বগির বেশ কয়েকজন যাত্রী আহত হন। নিরাপদ স্থানে পৌঁছাতে তিনি ট্রেন থেকে নেমে ঢাল বেয়ে নিচে নামেন। নিচে নেমে তিনি ভয়াবহ এক দৃশ্য দেখতে পান। ট্রেনের একটি অংশ তখনো ঢাল বেয়ে নিচের দিকে ঝুলছিল এবং একটি বগিতে আগুন জ্বলছিল। প্রত্যক্ষদর্শী এদুয়ার্দা বলেন, ‘আমি মৃত মানুষ দেখেছি।’
ঘটনাস্থলের কাছের শহর লস ইয়েবেনেসের মেয়র ইয়েসুস পেরেস মার্তিন রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিইকে জানান, দুর্ঘটনার পর সেখানে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘মানুষের অঙ্গহানি ও অত্যন্ত গুরুতর আঘাতের খবর পাচ্ছি।’
আঞ্চলিক সরকারের মুখপাত্র পাদিয়া জানান, হতাহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তোলেদো, আলকাসার দে সান হুয়ান ও সিউদাদ রিয়ালের হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে উরদা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানান, আহত ব্যক্তিদের সাময়িকভাবে রাখার জন্য একটি ক্রীড়া মিলনায়তন প্রস্তুত করতে জরুরি সেবাকর্মীরা তাঁকে অনুরোধ জানিয়েছেন।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া বলেন, দুর্ঘটনাস্থলের ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশ একটি বড় ধরনের ট্র্যাজেডির মুখে পড়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, তোলেদোর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি নিহত ও আহত ব্যক্তি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা, সংহতি ও সমর্থন জানান।
৯ মাস আগে একই রেলপথে রেনফে ও ইরিওর দুটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। সেই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।