ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গতকাল শুক্রবার দুপুরের দিকে সু–৩৪ যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশুক।
যেসব সেনা এই যুদ্ধবিমানগুলো ভূপাতিত করেছেন, তাঁদের শুক্রবার রাতেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি আমাদের বিমানবাহিনীর অর্জন। এবং ওদেসা অ্যান্টিএয়ারক্রাফট মিসাইল ব্রিগেডের সরাসরি আক্রমণ। আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘একই সঙ্গে রুশ পাইলটেরা আমাদের পাল্টা জবাব সম্পর্কে সচেতন হবে। তাদের কেউ এখানে শাস্তির হাত থেকে রেহাই পাবে না।’
তবে ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনের দাবি সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ফাইটারবোম্বার নামে রাশিয়ার যুদ্ধ বিষয়ক একটি ব্লগসাইটে বলা হচ্ছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপনাস্ত্র ছুড়ে এই যুদ্ধবিমানগুলো ভূপতিত করা হয় বলে ধারণা করছে তারা।
যুদ্ধবিষয়ক আরেকটি ব্লগে বলা হচ্ছে, নিপ্রো নদীর পূর্ব তীরে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ইউক্রেনের বাহিনীর অবস্থান লক্ষ্য করে এসব যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হচ্ছিল।
এদিকে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে এফ–১৬ যুদ্ধবিমান সরবরাহ করার জন্য ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া ইউক্রেনের জন্য নতুন করে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা বাবদ ৫ হাজার কোটি ইউরো অনুমোদন নিয়েও কথা হয়েছে।
জেলেনস্কি বলেন, নেদারল্যান্ডস ইউক্রেনের প্রথমবারের মতো এফ–১৬ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার নেদারল্যান্ডস ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ১৮টি এফ–১৬ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানায়। যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে ডেনমার্ক ও নেদারল্যান্ডস গত আগস্টে ইউক্রেনকে পাইলটদের প্রশিক্ষণের পরে ৬১টি যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল।