ভুয়া বোমাতঙ্কের পর রোমের এ বি কাইরোলি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তল্লাশি চালাচ্ছেন ইতালির পুলিশ সদস্যরা
ভুয়া বোমাতঙ্কের পর রোমের এ বি কাইরোলি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তল্লাশি চালাচ্ছেন ইতালির পুলিশ সদস্যরা

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে ই–মেইলে বোমার হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় একই ধরনের বিদেশি ই–মেইল পাঠানো হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলে। ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক ও সম্প্রচারমাধ্যমে সাম্প্রতিক সময়ে চালানো একের পর এক সাইবার হামলা ও হুমকির ধারায় এটি সর্বশেষ ঘটনা।

এই সতর্কতার পর ইতালিতে দ্রুত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রয়টার্সের যাচাই করা ওই বার্তার একটি কপিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও লক্ষ্যবস্তু বানানোর হুমকি ছিল।

তবে মেলোনি জানান, এতে বড় কোনো ঝুঁকি নেই এবং নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নজরদারিতে রেখেছে। ই–মেইলে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের স্বঘোষিত এক কাল্পনিক নেতার স্বাক্ষর ছিল।

ইউক্রেনকে সহায়তার কারণে ইউরোপীয় দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে রাশিয়া এসব ঘটাচ্ছে বলে কিছু ইউরোপীয় কর্মকর্তা সন্দেহ করছেন। আবার প্যারিসের সুপারমার্কেটে সাইবার হামলার পর ইরানের দিকেও সন্দেহের তির উঠেছে। তবে রাশিয়া ও ইরান উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলেছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, এ ধরনের হুমকির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়া। এটি কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের কাজ হতে পারে, আবার কেবল দৃষ্টি আকর্ষণের চেষ্টায় থাকা মানসিক বিকারগ্রস্তদের কাণ্ডও হতে পারে। দেশটির স্কুল অধ্যক্ষদের সমিতির মতে, হুমকিগুলো নিশ্চিতভাবেই ভুয়া হলেও এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মানসিক শান্তি ও শিক্ষার কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।