
ফ্রান্সে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক একজন স্প্যানিশ। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর সেইন্ট–জ্যাঁ–ডি–লুজ শহরে এ ঘটনা ঘটে। হামলার সত্যতা নিশ্চিত করে সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীর বয়স ১৬ বছর।
ছুরিকাঘাতের এ ঘটনা ঘটেছে সেইন্ট–থমাস ডি’আঁকা নামক একটি স্কুলে। ঘটনার সময় ৫২ বছর বয়সী ওই নারী শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। হঠাৎই এক শিক্ষার্থী শ্রেণিকক্ষ ঢুকে ছুরি দিয়ে তাঁকে আঘাত করে। হামলার পরপরই শিক্ষককে ঘটনাস্থলে জরুরি সেবা দেওয়া হয়। এরপরও ঘটনাস্থলে শিক্ষক মারা যান।
হামলার পরপরই পুলিশ ও স্থানীয় সরকারি কৌঁসুলিরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে হামলাকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিশোর ওই শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছিল। তবে এটা ‘সন্ত্রাসী’ হামলা নয় বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হামলার ঘটনার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা যার যার শ্রেণিকক্ষে আটকা পড়ে। তবে হামলার দুই ঘণ্টা পরে দুপুরের খাবারের বিরতির আগে ধীরে ধীরে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে বের করা হয়। তবে এর মধ্যে স্কুলের মূল ফটকের বাইরে শিক্ষার্থীদের অভিভাবকদের আতঙ্ক নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।
শিক্ষার্থীর ছুরিকাঘাতে শ্রেণিকক্ষে এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী পাপ নাদিয়ায়ে। এক টুইট বার্তায় শোক জানিয়ে তিনি নিহত শিক্ষক, তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আরও জানান, তিনি তাঁর কার্যালয় থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিচ্ছেন।