
জার্মানিতে বসবাস করা মুসলিমদের নানা দল আছে, আছে মসজিদ কমিউনিটি। তাদের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ কেমন করে হবে? কিংবা তরুণ মুসলিমরা কীভাবে সমাজে একীভূত হবে?
এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন ৪৪ বছর বয়সী হুসেইন হামদান। ইসলামিক ও রিলিজিয়াস স্টাডিজের এই গবেষক জার্মানির প্রথম ইসলামিক পরামর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন। তার কাজ হলো স্থানীয় কর্তৃপক্ষ ও মুসলিম কমিউনিটির মাঝে বিভেদ মেটানো। গত আট বছর ধরে হামদান জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যে কাজ করে যাচ্ছেন। ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে প্রথম গুরুত্বপূর্ণ কাজের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘তারিখটা ছিল ২০১৫ সালের ২ জুন। আমাকে একটি সুফি সংগঠনকে মূল্যায়ন করার জন্য ডাকা হয়।’
তবে হামদানের নিয়োগ হয় আরও আগে ২০১২ সালে। ক্যাথলিক চার্চ তাঁকে নিয়োগ দেয়। অ্যাকাডেমি অব ডিওসিস অব রোটেনবুর্গ–স্টুটগার্টে প্রথম মুসলিম হিসেবে যোগ দেন তিনি৷ ১ কোটি ১০ লাখ মানুষের রাজ্য বাডেন ভ্যুর্টেমব্যার্গে ৮ লাখ মুসলমানের বাস। সেখানে নব্বইয়ের দশকে প্রথম মসজিদ নির্মিত হয়।
প্রথমে হামদানকে ‘ইয়াং মুসলিমস অ্যাজ পার্টনার্স’ নামের একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়। তাঁর কাজ ছিল স্থানীয় সরকার ও নীতিনির্ধারকদের পরামর্শ দেওয়া। প্রতিদিন তিনি সাধারণত এ ধরনের প্রশ্নের সম্মুখীন হন, মসজিদের এই মিনার কি বেশি উঁচু? মুসলিমদের এতগুলো দলের মধ্যে কে কী দায়িত্বে আছেন, তরুণ মুসলিমদের কীভাবে সমাজে একীভূত করা যায়, সে ক্ষেত্রে মসজিদ কমিটি কী ভূমিকা পালন করতে পারে।
তবে অনেক প্রশ্নেরই তাৎক্ষণিক উত্তর নেই৷ যেমন মিনারের উচ্চতা স্থানীয় বিল্ডিং কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। কিংবা যেসব এলাকা মুসলিম অধ্যুষিত বা সংখ্যা তুলনামূলক বেশি, সেখানকার মুসলিমদের সঙ্গে কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ করা প্রয়োজন। হামদান প্রশাসনিক নিয়মকানুন সম্পর্কে মুসলিমদেরও তথ্য দেন।
জার্মানির প্রশাসন যেসব ইসলামিক গ্রুপের ওপর উগ্রবাদের জন্য নজরদারি করছে, সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে জানান হামদান। একই সঙ্গে তিনি টার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিটিব) অধীন সব মসজিদকে যেন এক নজরে দেখা না হয়, সে সম্পর্কেও কর্তৃপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক মসজিদ কমিউনিটিকে আলাদা করে দেখতে হবে। কারণ, শহর ভেদে তারা অনেক আলাদা হতে পারে।’ স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের মধ্যকার মেলবন্ধন জোরদার করার কথা বলেন তিনি।