
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের ইউক্রেন সফর উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কো থেকে কিয়েভে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ও প্রধান সেনাপতি...আজ মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তাদের বাহিনী চোরনোমোরস্ক বন্দরে দুটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী বড় জাহাজ) ও একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। একই সঙ্গে ওডেসার কাছে আরেকটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা। দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় দাবি করেছে, জাহাজগুলো ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক রসদ ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে রাশিয়ার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।