রাশিয়ার বিরুদ্ধে ‘বড় সাফল্যের’ দাবি ইউক্রেনীয় সেনা কমান্ডারের

  • গত জুনের শুরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন।

  • রোবোতিন গ্রামে পতাকা উত্তোলন করেছে ইউক্রেনীয় বাহিনী।

  • মস্কোয় নতুন করে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

নরওয়ের প্রশিক্ষকের অধীনে ইউক্রেনীয় সেনারা গুলি ছোড়ার প্রশিক্ষণ নিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ন্যাটো যোদ্ধাদের সমমানের সক্ষমতা অর্জনে তাঁদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলীয় ট্রনদেইমে

চলমান পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে ‘বড় ধরনের সাফল্যের’ দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের বিশ্বাস, রাশিয়ার সবচেয়ে কঠিন প্রতিরক্ষা ব্যূহ ভেঙে তারা সামনে এগোতে পেরেছে। এখন তারা দ্রুত দক্ষিণে অগ্রসর হতে পারবে। দক্ষিণে লড়াইরত একজন ইউক্রেনীয় কমান্ডার এ দাবি করেছেন।

গত জুনের শুরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তবে বিস্তৃত এলাকায় মাইন পুঁতে এই আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি ভালোভাবেই নেয় রাশিয়া। এতে আজভ সাগরের দিকে দক্ষিণে অগ্রসর হওয়াটা কঠিন হয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনীর।

ইউক্রেন গত বুধবার দাবি করেছে, জাপোরিঝঝিয়া অঞ্চলের দক্ষিণে রোবোতিন গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করেছে ইউক্রেনীয় বাহিনী। সম্মুখযুদ্ধের শহর ওরিখিভ থেকে গ্রামটি ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

রোবোতিন গ্রাম দখলে একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেওয়া একজন কমান্ডার বলেন, ‘আমরা এখানেই থামছি না।’ তিনি বলেন, ‘এরপর আমাদের সামনে আছে বেরদিয়ানস্ক এবং অন্য এলাকাগুলো। আমি আমার সেনাদের একসময় স্পষ্ট করে বলেছি, আমাদের লক্ষ্য রোবোতিন নয়, আমাদের লক্ষ্য আজভ সাগর।’ ‘স্কালা’ সাংকেতিক নাম নিয়ে এই কমান্ডার লড়ছেন।

রোবোতিন থেকে বেরদিয়ানস্ক সমুদ্রবন্দরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এই বন্দর কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মেলিতোপোল থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। গত বছরের ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর দুটি শহরই দখল করে নেয় রুশ বাহিনী।

রোবোতিনে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি মস্কো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, পাল্টা আক্রমণে ইউক্রেনীয় বাহিনী মেলিতোপোল পুনরুদ্ধার করতে পারবে বলে মনে হচ্ছে না। এই শহর পুনরুদ্ধারের উদ্দেশ্য হলো দক্ষিণে রুশ বাহিনীকে আলাদা করে ফেলা।

ইউক্রেনের কৌশলের প্রতি সমর্থন জানিয়ে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির বাহিনীর খুবই ধীরে অগ্রসর হওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি আবারও বলেন, মস্কোর দখলে থাকা সব ভূখণ্ড উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

কমান্ডার ‘স্কালা’ বলেন, ‘মাইন পুঁতে রাখা মূল সড়কগুলো আমরা পার হয়েছি। আমরা সামনে অগ্রসর হওয়ার জায়গায় এসে পৌঁছেছি। আমি নিশ্চিত, এখান থেকে আমরা তুলনামূলক দ্রুত অগ্রসর হতে পারব।’

এই কমান্ডার আরও বলেন, রোবোতিনের দুটি বাড়ি এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সেগুলো নিয়ন্ত্রণে নিতে লড়ে যাচ্ছি। এরপর রোবোতিনে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

আরও সেনা নিয়োগ কর্মকর্তা আটক

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে সেনা নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে সামরিক নিয়োগ কার্যালয়ের চার কর্মকর্তাকে আটকের কথা জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ।

এসবিইউ বলেছে, আটকদের মধ্যে সামরিক নিয়োগ কার্যালয়ের কর্মকর্তা ও সামরিক মেডিকেল কমিশনের প্রধানেরা রয়েছেন। তাঁরা সেনাসদস্য হিসেবে তালিকাভুক্ত হওয়া এড়াতে এবং বিদেশে পালাতে অনেককে সাহায্য করেছেন।

এসবিইউর দাবি, এ ক্ষেত্রে প্রতিজন থেকে ১০ হাজার ডলার পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। তবে অর্থের পরিমাণ নির্ভর করেছে কত দ্রুত সময় কাজটি করে দেওয়া হচ্ছে এবং ওই সব ব্যক্তির আর্থিক সামর্থ্য কেমন, তার ওপর।

এর আগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলে আগস্টের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি আঞ্চলিক সামরিক নিয়োগ কেন্দ্রের দায়িত্বে থাকা সব কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন।

রাশিয়ার হামলায় নিহত ৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ এ তথ্য দিয়েছেন।

সিনিহুবভ বলেন, সম্মুখযুদ্ধ চলা কুপিয়ানস্ক জেলায় এ গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এই এলাকায় ব্যাপকভাবে গোলাবর্ষণের ঘটনা ঘটছে। এ কারণে কয়েক মাসের মধ্যে সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইউক্রেনীয়কে সরিয়ে আনা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কুপিয়ানস্কের কাছে হামলা চালাচ্ছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মস্কোয় ড্রোন হামলা

এদিকে গতকাল দিনের শুরুর দিকে মস্কোয় নতুন করে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এতে রাজধানীর প্রধান তিনটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ হয়ে যায়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, মস্কো অঞ্চলের ইস্ত্রা জেলার ওপরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করে। জেলাটি ক্রেমলিন থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।