রাশিয়ার অর্থোডক্স গির্জার প্রধান কিরিল
রাশিয়ার অর্থোডক্স গির্জার প্রধান কিরিল

যুদ্ধের উসকানিদাতা হিসেবে রাশিয়ার অর্থোডক্স গির্জার প্রধানকে তালিকাভুক্ত করল ইউক্রেন

রাশিয়ার অর্থোডক্স গির্জার প্রধান কিরিলকে যুদ্ধের উসকানিদাতা হিসেবে তালিকাভুক্ত (ওয়ান্টেড তালিকা) করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিরিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উসকানি দিচ্ছেন বলে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ তোলার পর গতকাল শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়। ইউক্রেনে রুশ হামলার সমর্থক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়ে থাকে।

তবে যুদ্ধের উসকানিদাতা হিসেবে তালিকাভুক্ত করা হলেও ইউক্রেনের এ পদক্ষেপকে একেবারে প্রতীকী বলে মনে করা হচ্ছে। কারণ, কিরিল রাশিয়ায় আছেন, তিনি গ্রেপ্তারের হুমকিতে নেই।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলা যাজকদের প্রভাব নির্মূল করতে এটি ইউক্রেনের নেওয়া সর্বশেষ পদক্ষেপ।

ইউক্রেনের মন্ত্রণালয়ের তালিকায় কিরিলের প্রসঙ্গে বলা হয়েছে, তিনি বিচার-পূর্ববর্তী তদন্ত কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে আছেন। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ। তালিকায় প্রকাশিত ছবিতে কিরিলকে যাজকের পোশাকে দেখা গেছে।

রুশ গির্জার সঙ্গে একসময় সরাসরি যুক্ত ছিল এমন অর্থোডক্স গির্জার একটি শাখা এবং কিরিলের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মগুরুর বিরুদ্ধে মামলা করেছে কিয়েভ কর্তৃপক্ষ।

গির্জার ওই শাখাটিকে নিষিদ্ধ করতে কিয়েভে একটি বিল পাসের কথা ভাবা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ওই গির্জা অনেক ধর্মযাজককে হারিয়েছে। গির্জাটির কর্তৃপক্ষ বলেছে, ২০২২ সালের মে মাসে মস্কোর সঙ্গে তারা সব সম্পর্ক ছিন্ন করেছে।

গত মাসে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউর এক নথিতে বলা হয়, কিরিল তাঁর ধর্মীয় পরিচিতির মধ্য দিয়ে ইউক্রেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছেন। তিনি রাশিয়ার সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট গির্জার শাখাটির ধর্মগুরু এবং কর্মকর্তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা করেছে নিরাপত্তা বাহিনী।

কিরিল এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গির্জার ধর্মগুরুদের বিরুদ্ধে ইউক্রেন যে পদক্ষেপ নিচ্ছে, তা বন্ধে ব্যবস্থা নিতে বিশ্বের ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাশিয়ার গির্জার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা আরআইএকে বলেন, কিরিলকে তালিকাভুক্ত করার বিষয়টি হাস্যকর। ভ্লাদিমির লেগোইদা নামের ওই কর্মকর্তা অভিযোগ করেছেন, ইউক্রেনের কর্তৃপক্ষ যাজকদের ভয় দেখানোর চেষ্টা করছেন।