ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত লুহানস্ক প্রজাতন্ত্রের মস্কো–সমর্থিত নেতা তাঁদের অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানিয়েছেন। লুহানস্কে সদ্য সমাপ্ত গণভোটে অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
লুহানস্কের প্রধান লিওনিদ পাশেশ্চিনিক টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘গণভোটে এ অঞ্চলের মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। গণভোটের জনরায় আমলে নিয়ে লুহানস্ক প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের আওতায় রাশিয়ার একটি অংশ করে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে আপনাকে (প্রেসিডেন্ট পুতিন) আহ্বান জানাচ্ছি।’
লুহানস্কের প্রায় পুরোটাই এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসনের নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে অনুষ্ঠিত গণভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে। অঞ্চলটির ৯৮ শতাংশ মানুষ গণভোটে রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গণভোট শেষ হয়েছে মঙ্গলবার। গত শুক্রবার শুরু হয়ে পাঁচ দিন চলে ভোট গ্রহণ। গণভোটে ওই অঞ্চলগুলোর অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে রুশ গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। আজ বুধবার ভোটের ফল প্রকাশ করা হতে পারে।
গণভোট হয়েছে দনবাস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্ক এবং খেরসন ও জাপোরিঝঝিয়ায়। এ অঞ্চলগুলো পুরোপুরি বা আংশিক মস্কোর নিয়ন্ত্রণে। গণভোটের আনুষ্ঠানিক ফল নিজেদের পক্ষে গেলে এসব অঞ্চল রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ফল কী হবে, সেটা আগে থেকেই ক্রেমলিন ঠিক করে রেখেছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্রদের। শুরু থেকে তারা এ ভোটকে ‘ভাঁওতাবাজি’ আখ্যা দিয়েছে। এদিকে এসব ভূখণ্ডকে যুক্ত করার বিষয়ে রাশিয়াকে সতর্ক করে ইউক্রেন বলেছে, এ পদক্ষেপ শান্তি আলোচনার যেকোনো সুযোগ নষ্ট করবে।