বার্লিনের বিরাটকার অ্যাকুরিয়ামটি ফেটেছে, মাছ ছিল দেড় হাজার

৫২ ফুট উঁচু অ্যাকুয়াডোমকে ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’ বলা হতো
ছবি: রয়টার্স

জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে লাখ লাখ লিটার পানি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাকুরিয়াম ফেটে গেছে। অ্যাকুরিয়ামের পানিতে হোটেল ও আশপাশের সড়ক প্লাবিত হয়। কাঁচের তৈরি অ্যাকুরিয়ামটির ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হয়েছেন। অ্যাকুয়াডোম নামের ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার মাছ ছিল। ৫২ ফুট উঁচু অ্যাকুয়াডোমকে ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’ বলা হতো।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটনার পর হোটেলে থাকা অতিথিদের অন্যত্র স্থানান্তর করা হয়। বার্লিন পুলিশ বলেছে, অ্যাকুরিয়াম ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যাকুরিয়াম ফেঁটে খালি হয়ে পুরো হোটেল পানিতে সয়লাব হয়ে গেছে।

বার্লিনের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ফেটে যাওয়ার পর অ্যাকুরিয়ামে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। বার্লিনে প্রচণ্ড শীতের কারণে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাঁদের। ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের শতাধিক প্রজাতির মাছ ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে হোটেলের মূল ফটক, সামনের রাস্তা ও ফুটপাতে আবর্জনার স্তূপ তৈরি হয়। উদ্ধার কাজ চালাতে জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। হোটেলের পাশে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে অ্যাকুরিয়াম ফাটার কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনার সময় হোটেলের চতুর্থতলায় বান্ধবীসহ ছিলেন পল মালেৎস্কি নামের এক ব্যক্তি। তিনি বলেছেন, ট্যাংক ফেটে যাওয়ার বিকট শব্দ ও কাঁপুনিতে তাঁর ঘুম ভাঙে। এরপর নিচে তাকিয়ে দেখে হোটেলের লবি পানিতে সয়লাব হয়ে গেছে। এরপর একদল সশস্ত্র পুলিশ তাঁদেরসহ অন্য অতিথিদের হোটেল থেকে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বার্লিনের মেয়র ফ্রান্সিকা জিফি অ্যাকুরিয়াম ফেটে যাওয়ার এ ঘটনাকে সুনামির সঙ্গে তুলনা করেন। সকালবেলা এ ঘটনা ঘটনায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, আর এক ঘণ্টা পর এ ঘটনা ঘটলে বিপদ হতো। কারণ ওই সময় হোটেলের লবি, সামনের রাস্তায় অনেক মানুষ বিশেষত শিশুরা থাকত।