রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের শস্যভান্ডারে রুশ ড্রোন হামলা

রুশ ড্রোন হামলায় ইজমাইল জেলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন
ছবি: রয়টার্স

ইউক্রেনের ওদেসা বন্দর অঞ্চলে শস্য সংরক্ষণাগারে গত বুধবার রাতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কিছু শস্য নষ্ট হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানান। এদিকে ইউক্রেন বুধবার রাতভর রাশিয়ার ছোড়া ২৮টি ড্রোন ভূপতিত করার দাবি করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক গতকাল এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, বন্দর অবকাঠামোর ওপর একটি ড্রোন আঘাত হয়েছে। এতে একটি শস্য সংরক্ষণাগারের ব্যাপক ক্ষতিগ্রস্ত ও শস্য নষ্ট হয়েছে।

২৮টি রুশ ড্রোন ভূপাতিত

ইউক্রেন জানিয়েছে, বুধবার রাতভর ২৮টি রুশ ড্রোন তারা ধ্বংস করেছে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ওদেসা বন্দরের গুদাম এবং ইজমাইল জেলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন আহত হন।

ইউক্রেনের বিমানবাহিনী বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রাম জানিয়েছে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে উত্তরে এবং রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপ থেকে দক্ষিণে মোট ৩৩টি ‘শাহেদ-১৩৬/১৩১’ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ২৮টিই ভূপাতিত করা গেছে। এতে আরও বলা হয়, রুশ ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ড্রোনগুলো জটিল গতিপথ ব্যবহার করে বিভিন্ন দিক থেকে আসছিল। মাইকোলাইভ অঞ্চলে ৪টি এবং ওদেসা অঞ্চলে ১০টি ড্রোন ধ্বংস করা হয়।

কিরগিজস্তানে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে কিরগিজস্তানে গেছেন। গতকাল দেশটির প্রেসিডেন্ট সাদির জাপারোভের সঙ্গে বৈঠক করেন তিনি। চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই প্রথম তিনি বিদেশ সফরে গেলেন।

বৈঠকে পুতিন কিরগিজস্তানের অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবে ও সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে রাশিয়ার গুরুত্ব তুলে ধরেন। দুই পক্ষের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়বে বলেও জোর দেন।

কিরগিজস্তান আইসিসির সদস্যদেশ নয়। তাই পরোয়ানা মাথায় নিয়ে সফরে গেলেও পুতিনকে গ্রেপ্তার করার কোনো আইনি বাধ্যবাধকতা দেশটির নেই।

এদিকে এ ছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোকে নিয়ে গঠিত কমনওয়েলথ অব ইনডিপেনডেন্স স্টেটের (সিআইএন) সম্মেলনে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর। আগামীকাল শুক্রবার বিশকেকে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং অন্য আঞ্চলিক নেতারা এতে অংশ নেবেন। মস্কোর সঙ্গে মধ্য এশিয়ার এ দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে চীন সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। চীনও আইসিসির সদস্যদেশ নয়