পুতিনের অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যম
পুতিনের অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যম

পুতিনকে নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের যত আজগুবি খবর

কথায় বলে, এক মাঘে শীত যায় না। বাংলা বর্ষপঞ্জি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও এক মাঘ পেরিয়ে আরেক মাঘ চলে এল। মাঘের শীত যেমন একবারে বিদায় নেয় না, তেমনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও বিদায় নেওয়ার নাম নেই। এই এক যুদ্ধ পুরো দুনিয়াকে বেকায়দায় ফেলে দিয়েছে। যুদ্ধ ঘিরে সরগরম আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও।

প্রতিদিন পশ্চিমা সংবাদমাধ্যমের বড় অংশজুড়ে থাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর। করোনা মহামারি কাটিয়ে বিশ্ব যখন স্বাভাবিকতায় ফিরছে, সে সময় এই যুদ্ধের সূচনা করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খবরও থাকে সমানতালে। তিনি কী বললেন, নতুন কী পদক্ষেপ নিলেন সে সব খবর যেমন থাকে, তেমনি তাঁকে কেন্দ্র করে থাকে আরও অদ্ভুত সব খবর।

কখনো পশ্চিমা সংবাদমাধ্যমের কল্যাণে পুতিন হয়ে যান ক্যানসারের রোগী। কখনো তাঁর মুখ কেন ফোলা, সেই বিশ্লেষণ থাকে। কখনোবা সই করতে গিয়ে পুতিনের হাত কেঁপে ওঠে। মুখ হয়ে যায় ফ্যাকাশে। আবার কখনো তিনি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়েও যান। এমনকি পড়ে যাওয়ার পর তিনি মল ত্যাগ করেছেন—এমন খবরও প্রকাশিত হয়।

কেবল যুদ্ধ শুরুর সময় থেকেই নয়, আরও আগে থেকেই পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে পুতিনকে নিয়ে নানা গুজব ডালপালা মেলেছে। যুদ্ধ চলাকালে সেই ডালপালা যেন অনেকটা মহিরুহে রূপ নিয়েছে। তবে রুশ সংবাদমাধ্যমগুলোতে এসবের পাল্টা জবাব খুব বেশি দেখা যায়নি।

বছরজুড়ে পুতিনের অসুস্থতা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে যেসব খবর বেরিয়েছে, চলুন ফিরে দেখা যাক।

ক্যানসারে আক্রান্ত পুতিন ক্ষমতা ছাড়ছেন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ বছরের মে মাসের শুরুর দিকে এক খবরে বলেছে, ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে তিনি সাময়িকভাবে দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নিউইয়র্ক পোস্টের ওই প্রতিবেদন মূলত রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে করা হয়। তাতে বলা হয়, কথা উঠেছে পুতিন কয়েক দিন আগে পেত্রুশেভের সঙ্গে দুই ঘণ্টা একান্তে কথা বলেছেন। ওই টেলিগ্রাম চ্যানেলটি পরিচালনা করছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক এক লেফটেন্যান্ট জেনারেল।

ওই প্রতিবেদনে এমনও বলা হয়, এপ্রিল মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিনকে একটি টেবিল শক্ত করে আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে। বলাই বাহুল্য, পুতিন ক্ষমতা হস্তান্তর করেননি। এখনো তিনি বহাল তবিয়তেই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে লম্বা টেবিলে বৈঠক করেন পুতিন। এ নিয়েও গুঞ্জন রয়েছে

সফরে পুতিনের মলমূত্র সংগ্রহ করেন দেহরক্ষীরা

পশ্চিমা সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সাইবেরিয়ান হরিণের শিং থেকে নেওয়া রক্ত দিয়ে গোসল করেন পুতিন। দীর্ঘায়ু পেতে পুতিনের অনুসরণ করা কয়েকটি পদ্ধতির এটি একটি। পুতিনের বন্ধু সাইবেরিয়ায় জন্ম নেওয়া প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তাঁকে এ পরামর্শ দিয়েছেন।

এ বছরের জুন মাসে ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস ম্যাচ দাবি করেছে, ২০১৯ সালে সৌদি আরব এবং ২০১৭ সালে ফ্রান্স সফরের সময় পুতিনের সঙ্গে একটি দল ছিল। যখনই তিনি টয়লেটে যেতেন, তাঁর মলমূত্রগুলো তারা সংগ্রহ করে ফেলত, যাতে বিদেশি কোনো শক্তির হাতে না পড়ে। কারণ, মলমূত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর স্বাস্থ্যগত অবস্থা অন্যরা জেনে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনেও এমন দাবি করা হয়।

আরেক কাঠি ওপরে গিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট দাবি করেছে, একটি বিশেষ প্যাকেটে এই শারীরিক বর্জ্য সংগ্রহ করা হয়। প্যাকেটগুলো শুধু এ জন্য ব্যবহৃত একটি ব্রিফকেসে রাখা হয় রাশিয়ায় ফেরত পাঠাতে।

পুতিনের মুখ ফোলা, মুখ ফ্যাকাশে, বৈঠকে কাঁপছিল পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের মুখের আকৃতি নিয়েও পশ্চিমা সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়। এ বছরের মার্চ মাসের দিকে ব্রিটিশ কয়েকটি ট্যাবলয়েডের খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহে পুতিনের মুখ ও ঘাড়ের অংশ বেশ ফোলা দেখাচ্ছে। এসব খবরে বলা হয় চিকিৎসার জন্য তিনি স্টেরয়েড নিচ্ছেন। তার পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই ফুলে গেছে তাঁর মুখ ও ঘাড়ের অংশবিশেষ।

পুতিন ক্যানসারে আক্রান্ত হয়ে ক্ষমতা ছাড়ছেন—এমন খবর প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যম

আবার এপ্রিলের শেষ দিকে ইউক্রেন নিয়ে প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সঙ্গে পুতিনের এক বৈঠকের ভিডিও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুতিনকে শক্ত করে টেবিল ধরে রাখতে দেখা যায়। অনেক ভিডিওতে দেখা যায়, বৈঠকের সময় পুতিনের পা অস্বাভাবিকভাবে নড়ছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের খবর বলছে, নভেম্বর মাসে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের সঙ্গে বৈঠক চলাকালে পুতিনের হাত কাঁপছিল ও ফ্যাকাশে দেখাচ্ছিল। যুক্তরাজ্যভিত্তিক ওই সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, রাশিয়ার নেতাকে ওই বৈঠক চলাকালে অস্বস্তিকরভাবে পা নাড়াতে দেখা গেছে।

গত বছর সাইবেরিয়ায় অবকাশ কাটানোর সময় মাছ ধরছেন পুতিন

পুতিন সিঁড়িতে পড়ে গিয়ে মলত্যাগ করেছেন

বছরের শেষ দিকে এসে ৫ ডিসেম্বর পুতিনের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে তাঁর সরকারি বাসভবনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। এরপর তিনি সেখানেই মলত্যাগ করেছেন। ওই খবরে বলা হয়, ৭০ বছর বয়সী পুতিন সিঁড়ি থেকে পাঁচ ধাপ নিচে পড়ে গিয়ে মেরুদণ্ডের নিচের অংশে আঘাত পান।

টেলিগ্রাম চ্যানেল সূত্র বলছে, পুতিনের পাকস্থলী ও অন্ত্র ক্যানসারে আক্রান্ত হওয়ায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর তিনি মল ত্যাগ করে ফেলেন।

তবে এর এক দিন পরই ৬ ডিসেম্বর রয়টার্সে পুতিনের মার্সিডিজ গাড়ি চালিয়ে ক্রিমিয়া সেতু পরিদর্শনের ছবি প্রকাশিত হয়। সেতুটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ স্থাপন করেছে। দুই মাসেরও কম সময় আগে বিস্ফোরণে সেতুটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ বছরের শেষে মার্সিডিজ গাড়ি চালিয়ে সেতু পরিদর্শন করেন পুতিন

রাশিয়ার প্রতিক্রিয়া

পুতিনকে নিয়ে এত সব গুঞ্জনের পেছনে অবশ্য প্রেসিডেন্টকে নিয়ে রাশিয়ার গোপনীয়তাও ভূমিকা রেখেছে। পুতিনের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে রাশিয়া কখনোই খোলামেলা তথ্য দেয়নি। তাঁর দুই দশকের শাসনামলে একসময় সুঠাম দেহে শিকার ও ঘোড়ায় চড়ার ছবি প্রকাশিত হয়েছে। তবে এখন সেসব কমই দেখা যায়।

পুতিনকে নিয়ে যত গুঞ্জন, তার পরিপ্রেক্ষিতে এ বছরের মাঝামাঝি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১-কে মে মাসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ নেতা প্রতিদিনই জনসমক্ষে আসছেন। যাঁরা পুতিনকে অসুস্থ বলছেন, তাঁদের মানসিক সুস্থতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

পুতিনের শরীর নিয়ে কেন ব্যস্ততা

দেশে দেশে বিভিন্ন সময়ে চলা যুদ্ধের সময় দেখা গেছে, দুই পক্ষ কেবল অস্ত্র দিয়েই লড়াই করে না। গুজব, অতিরঞ্জিত তথ্য, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ—এগুলোও যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে। ২০০৩ সালে ইরাকে হামলার আগে যেমন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রচার চালিয়েছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল।

বৈঠকে তিনি বলেছিলেন, ইরাকে বিপুল গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, তা বিশ্বের জন্য হুমকি। আর বক্তব্য প্রমাণ করতে একটি ভায়াল (ছোট শিশি) দেখিয়ে পাওয়েল বলেছিলেন, এ রকম হাজার হাজার প্যাথোজেন অস্ত্রের ভান্ডার রয়েছে ইরাকে। পরে অবশ্য ২০১১ সালে এক সাক্ষাৎকারে তিনি ইরাকে আগ্রাসন চালানোর বিষয়ে ভুয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য ভুল স্বীকার করেন। তত দিনে ইরাকে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। বিপর্যয়ের মুখে পড়েছেন ইরাকবাসী।

আবার আরব বিশ্ব ও আফ্রিকায় জনপ্রিয় হলেও পশ্চিমারা গাদ্দাফিকে একনায়ক হিসেবে প্রচার করেছে। একনায়ক গাদ্দাফিকে উৎখাত করে লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট।

২০০৯ সালে সাইবেরিয়ায় অবকাশ যাপনে পুতিন। মাঝে দীর্ঘদিন পুতিনের এ ধরনের ছবি দেখা যায়নি

পর্যবেক্ষকেরা বলছেন, দুই দশকের বেশি সময় ধরে রাশিয়া পুতিনের হাতের মুঠোয়। পশ্চিমাদের পরোয়া করেন না পুতিন। অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন, ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক সাংবিধানিক পরিবর্তন তাঁকে এ সুযোগ করে দিয়েছে। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে বরাবরই পুতিনের প্রতিপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে থেকেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব।

যুদ্ধের ৩০০ দিন পার হওয়ার পর পরিসমাপ্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন চাইলেই তা সম্ভব বলছেন তাঁরা। অন্যদিকে পুতিন বলছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী নয়, বরং রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একটি দুঃখজনক অধ্যায়ের (ট্র্যাজেডি) মুখোমুখি হয়েছে।

যুদ্ধ শুরুর জন্য পুতিনকে দায়ী করছে পশ্চিমা বিশ্ব। এর পাশাপাশি পুতিনের গতিবিধি ও শারীরিক অবস্থা নিয়েও নানা সময়ে অদ্ভুত খবর প্রকাশ করছে। সব মিলে পুতিনকে কোণঠাসা করতে যেন অনেকটাই উঠেপড়ে লেগেছে পশ্চিমা বিশ্ব।

তবে এসবে খুব একটা হেলদোল নেই রুশ গণমাধ্যম ও পুতিনের। এত সব খবরে তিনি কখনো প্রতিক্রিয়া জানাননি। যুদ্ধ সামলাতেই ব্যস্ত ভ্লাদিমির পুতিন।

তথ্যসূত্র: রয়টার্স, এএফপি, নিউইয়র্ক পোস্ট, আরটি, তাস, ফক্স নিউজ, এক্সপ্রেস, ইনডিপেনডেন্ট।