
প্রধান সরবরাহ লাইন নর্ড স্ট্রিম-১ দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ তিন দিনের জন্য বন্ধ থাকবে। রাশিয়ার জ্বালানি কোম্পানি গাজপ্রম বলেছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ সরবরাহ লাইন দিয়ে গ্যাস সরবরাহ করা হবে না। এতে ইউরোপে জ্বালানি ঘাটতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর এএফপির।
গাজপ্রমের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, ৩১ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন শুধু ট্রেন্ট সিক্সটি গ্যাস কমপ্রেশন ইউনিট বন্ধ থাকবে। জার্মানির প্রযুক্তি কোম্পানি সিমেন্সের প্রযুক্তিবিদেরা এ কাজে যুক্ত থাকবেন। এর জন্য নর্ড স্ট্রিম সরবরাহ লাইন দিয়ে গ্যাস বিতরণ তিন দিনের জন্য বন্ধ থাকবে।
প্রতি এক হাজার ঘণ্টার কাজ শেষে সরবরাহ লাইনের রক্ষণাবেক্ষণ করা জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজপ্রম বলছে, তিন দিনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে আবারও প্রতিদিন ৩ কোটি ৩০ লাখ ঘনমিটার করে গ্যাস সরবরাহ করা হবে।
রাশিয়ার সরবরাহ লাইন সাময়িক বন্ধ রাখার ঘোষণায় ইউরোপে জ্বালানি ঘাটতি বেড়ে যাওয়ার শঙ্কা আবারও জোরালো হয়ে উঠেছে। মস্কো জ্বালানিকে ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে ইউরোপ।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এর পর থেকে বারবারই ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে মস্কো। রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীল ইউরোপ।