প্রিন্সেস ডায়ানা
প্রিন্সেস ডায়ানা

প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, ‘সত্য’ তুলে ধরবেন তিনি

প্রয়াত প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি ঘনিয়ে আসছে। ঠিক এর কিছুদিন আগে তাঁর জীবন নিয়ে ‘সত্য’ প্রকাশ করতে একটি বই লিখেছেন তাঁর ভাই চার্লস স্পেনসর। গতকাল মঙ্গলবার এমন তথ্য জানানো হয়েছে।

পেঙ্গুইন র‍্যান্ডম হাউস এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনসর এ বইয়ে ‘ডায়ানার সঙ্গে তাঁর জীবন এবং তাঁর মৃত্যুর সেই মর্মান্তিক সপ্তাহের এক বিস্ময়কর গল্প শুনিয়েছেন’। তারা আরও যোগ করেছে, এটিই প্রথম বই, ‘যেখানে চার্লস স্পেনসর তাঁর বোনকে নিয়ে প্রকাশ্যে এবং বিস্তারিত কথা বলেছেন’।

‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ বইটি আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত হতে যাচ্ছে। ১২টি ভাষায় অনূদিত হবে বলে আশা করা হচ্ছে।

স্পেনসর বলেন, ‘ডায়ানার মর্মান্তিক মৃত্যুর ৩০ বছর পূর্তি ঘনিয়ে আসছে। আর এ সময়ে আমার বোনের বিষয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য আবারও আমার কাছে অনুরোধের পাহাড় জমছে।’

ডায়ানার ভাই বলেন, ‘এ বিষয়ই আমাকে আমার নিজের চিন্তা ও স্মৃতিগুলো শেষবারের মতো লিখে রাখতে উৎসাহিত করেছে।’ তিনি আরও যোগ করেন, ডায়ানাকে নিয়ে প্রচলিত অনেক ধারণাই ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সত্য বলে মেনে নিয়েছে’।

স্পেনসর আরও বলেন, ‘আমি ডায়ানার পক্ষ হয়ে কথা বলতে চাই এবং তা একদম ইতিবাচকভাবে তুলে ধরতে চাই।’

১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ডায়ানা নিহত হন। এরপর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁর শেষকৃত্যে স্পেনসর এক আবেগঘন ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি ডায়ানার দুই ছেলে—প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির দেখাশোনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৩০ বছর পরও ডায়ানা এক অনন্য জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে মানুষের মনে রয়ে গেছেন। তবে রাজপরিবারের মধ্যে বড় ধরনের বিরোধের কারণে হ্যারি ও উইলিয়াম (উইলিয়াম যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী) এখন আর একে অপরের সঙ্গে কথা বলেন না।

আর ডায়ানার সঙ্গে তাঁর স্বামী তৎকালীন যুবরাজ চার্লসের বিবাহবিচ্ছেদ হয়েছিল। চার্লস এখন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং তাঁর সাবেক প্রেমিকা এখন রানি ক্যামিলা।

প্রিন্সেস ডায়ানার ভাই চার্লস স্পেনসর

স্পেনসর বলেন, একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ডায়ানা সম্পর্কে সত্য তুলে ধরাই এ বইয়ের মূল উদ্দেশ্য।

৬২ বছর বয়সী স্পেনসর ডায়ানার দুই সন্তানের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন। জানা গেছে, জুলাইয়ের শুরুর দিকে হ্যারি, তাঁর স্ত্রী মেগান এবং তাঁদের দুই ছোট সন্তান মধ্য ইংল্যান্ডে স্পেনসরের পৈতৃক বাড়ি অ্যালথর্প পরিদর্শনে যান। সেখানে তাঁরা ডায়ানার সমাধিতে শ্রদ্ধা জানান।

স্পেনসর আরও যোগ করেন, তিনি আশা করছেন, যাঁরা ডায়ানার স্মৃতি ‘হৃদয়ে ধারণ করেন’, বইটি তাঁদের হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি বইটি ‘তাঁদের কাছেও আকর্ষণীয় হবে, যাঁরা তাঁর জনপ্রিয়তার সেই সোনালি দিনগুলো দেখার বা জানার বয়সে ছিলেন না’।

স্পেনসর পাঠকদের মনে ডায়ানা সম্পর্কে আসল একটি ছাপ রেখে যেতে চান। তিনি কতটা অনন্য, গতিশীল ব্যক্তিত্ব ছিলেন, ভালোবাসা ও মোহনীয়তা কতটা ভরপুর ছিলেন—সেসব বিষয় এ বইয়ে উঠে আসবে। তিনি জীবনকে পুরোদমে উপভোগ করেছিলেন।

প্রকাশক ড্যানিয়েল বানিয়ার্ড বলেন, এটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি বই, যা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এবং মানসিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্বের গল্প তুলে ধরবে।