
ভারতের পশ্চিমবঙ্গ সরকার জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার কলকাতায় একটি ম্যাজিক ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এই লক্ষ্যে কলকাতায় গড়বে এই ম্যাজিক ইনস্টিটিউট। এটি হবে ভারতের মধ্যে প্রথম একটি সরকারি ম্যাজিক ইনস্টিটিউট। কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের নামে গড়া হবে এই ইনস্টিটিউট।
এই ম্যাজিক ইনস্টিটিউট গড়ার লক্ষ্য হবে বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্প। এই ইনস্টিটিউটের অধীনে গড়া হবে একটি জাদুস্কুলও। এই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে এক বৈঠকে কলকাতায় জাদু ইনস্টিটিউট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিংবদন্তি জাদুকর পি সি সরকারের ছেলে পি সি সরকার (জুনিয়র) এই বৈঠকে উপস্থিত হয়ে জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গড়া নিয়ে নানা পরামর্শ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পি সি সরকার জুনিয়রের সহধর্মিণী জাদুশিল্পী জয়শ্রী সরকার ও পি সি সরকার জুনিয়রের কন্যা জাদুশিল্পী মেনকা।
এই লক্ষ্যে এদিন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এই উপদেষ্টা কমিটির প্রধান করা হয়েছে জাদুকর পি সি সরকারকে (জুনিয়র)। এই কমিটিতে কলকাতার নামীদামি জাদুশিল্পী ও বিশিষ্টজনেরা থাকবেন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি হবে। এদিনের এই প্রথম বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতিসচিব সৌমিত্র মোহন।