
ঘূর্ণিঝড় অশনি ধেয়ে আসছে সমুদ্রের উপকূলবর্তী ভারতের রাজ্য অন্ধ্র প্রদেশ ও ওডিশার দিকে। এর প্রভাবে সোমবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। সন্ধ্যার পর কলকাতায় মৃদু ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। ইতিমধ্যে অশনি বেশ শক্তিশালী হয়েছে। এখন ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে অন্ধ্র ও ওডিশার উপকূলের দিকে এগোচ্ছে। চলছে ঝোড়ো হাওয়াও। ডুবেও গেছে কলকাতার বহু এলাকা।
ইতিমধ্যে পর্যটন এলাকা দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরসহ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে মাইক নিয়ে পুলিশ নেমেছে। সমুদ্রে না যাওয়ার জন্য তারা ঘোষণা দিচ্ছে। সুন্দরবন এলাকার নদীতে নৌকা নিয়ে প্রচার চালাচ্ছেও পুলিশ।
কলকাতার আবহাওয়া অফিস জানিয়েছে, অশনি প্রথমে আঘাত হানতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলে, তারপর তা বাঁক নিয়ে ঢুকতে পারে ওডিশায়। পশ্চিমবঙ্গে তেমন জোরালোভাবে আঘাত না করলেও অশনির ঝাপটা আঘাত করবে এই রাজ্যে। ফলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে অবশ্য কলকাতাসহ এই রাজ্যের সমুদ্রের উপকূলবর্তী এলাকায় শুরুও হয়ে গেছে ভারী বৃষ্টি।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে এই রাজ্যের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল হবে। তাই পর্যটকদের ইতিমধ্যে সমুদ্রের তীরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। কাল কলকাতা বিমানবন্দর থেকে ছোট বিমান না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভা কাল সব কর্মচারীর ছুটি বাতিল করে দিয়েছে। এই সব এলাকার প্রশাসনকে অশনি মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন অশনি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
অশনি আজ সন্ধ্যায় অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৪১০ এবং ওডিশা রাজ্যের পুরী থেকে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্ন এবং পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এসডিআরএফসহ উপকূল রক্ষী বাহিনী, ভারতের নৌবাহিনীকে। প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন এলাকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। জেলা সদরে মজুত রাখা হয়েছে শুকনা খাবার, পানীয় জল, তাঁবুসহ অন্যান্য সামগ্রী। ঝড়ের তাণ্ডব শুরু হলে স্থানীয় স্কুল-কলেজে আশ্রয় নিতেও বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, রামনগর—এসব উপকূলবর্তী এলাকায় ঝড় মোকাবিলা করার জন্য গড়া হয়েছে স্বেচ্ছাসেবকদের দল।
কলকাতা পৌর করপোরেশনের কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব চাকরিস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমি, ঘোড়ামারা দ্বীপসহ সুন্দরবন এলাকার নামখানা, সাগর, পাথর প্রতিমা এলাকায়ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মাইকযোগে সমুদ্রের উপকূলবর্তী নিচু এলাকার মানুষকে প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ মে পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে মৎস্যজীবীদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।