আধ্যাত্মিক গুরুকে পরিবেশ আদালতের ভর্ৎসনা

শ্রীশ্রী রবিশঙ্কর
শ্রীশ্রী রবিশঙ্কর

ভারতের আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্করকে তাঁর মন্তব্যের জন্য ভর্ৎসনা করলেন ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। গতকাল বৃহস্পতিবার রবিশঙ্করকে উদ্দেশ করে পরিবেশবিষয়ক এই আদালত বলেন, ‘আপনার কোনো দায়িত্ববোধ নেই। যা খুশি তাই বলার অধিকার আপনাকে কে দিয়েছে?’
বিরক্ত প্রকাশ করে এনজিটির চেয়ারম্যান বিচারপতি স্বতন্ত্র কুমার বলেন, ‘ইটস শকিং’।
আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর এনজিও ‘আর্ট অব লিভিং’-এর প্রতিষ্ঠাতা। গত বছরের মার্চ মাসে রাজধানী দিল্লিতে যমুনা নদীর চরে আর্ট অব লিভিংয়ের পক্ষ থেকে বিশ্ব সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছিল। এ নিয়ে পরিবেশবিদেরা প্রবল আপত্তি জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এই বিশাল মাপের আয়োজন যমুনার চরের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নদীর পানি দূষিত করবে। শেষ মুহূর্তে শর্তাধীনে দিল্লি সরকার ও এনজিটি ওই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল। রবিশঙ্কর গত মঙ্গলবার তার উল্লেখ করে বলেন, যমুনার পাড়ের কোনো ক্ষতি হয়ে থাকলে তার জন্য দায়ী তিনি নন। দায়ী অনুমতি দেওয়া দিল্লির সরকার ও এনজিটি। এনজিটির বিচারকেরা বলেছেন, যমুনায় আয়োজিত ওই অনুষ্ঠান সম্পর্কে বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন নিয়ে আর্ট অব লিভিংসহ কারও কোনো বক্তব্য থাকলে তা যেন ট্রাইব্যুনালে পেশ করা হয়।
এনজিটির গঠন করা বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার একর জমির ওপর যে বিশাল কর্মযজ্ঞের আয়োজন রবিশঙ্করের সংস্থা করেছিল, তাতে জীববৈচিত্র্য ও পরিবেশের যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে ৪২ কোটি রুপির বেশি খরচ হবে। সময় লাগবে দীর্ঘ ১০ বছর। প্রতিবেদনে এ কথাও বলা হয়, এই অর্থ আর্ট অব লিভিং ও অন্যান্য সংস্থারই বহন করা উচিত।
আর্ট অব লিভিং ওই প্রতিবেদনকে হাস্যকর আখ্যা দিয়ে বলছে, এটা তাদের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত। গত মঙ্গলবার রবিশঙ্কর বলেন, ‘যমুনা যদি এতই পলকা ও পবিত্র হয়ে থাকে তা হলে অনুষ্ঠানের অনুমতিই দেওয়া ঠিক হয়নি!’