কপিল সিব্বাল তৃণমূলের সমর্থন চেয়েছিলেন, কিন্তু...

সাবেক কংগ্রেস নেতা কপিল সিব্বাল
সাবেক কংগ্রেস নেতা কপিল সিব্বাল

সদ্য কংগ্রেস ছেড়ে যাওয়া কপিল সিব্বাল রাজ্যসভার সদস্য হতে তৃণমূল কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন। কিন্তু তৃণমূল চেয়েছিল, কপিল তাদের দলে যোগ দিন। এ প্রস্তাবে কপিল সিব্বাল রাজি না হওয়ায় তৃণমূল আর সমর্থন দেয়নি তাঁকে।

কপিল সিব্বাল ভারতের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। ৩০ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে থেকে অবশেষে গতকাল বুধবার ভারতের সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে রাজ্যসভার নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে।

১৬ মে তিনি কংগ্রেস ছাড়েন। এর আগে তিনি কংগ্রেস নেতৃত্ব নিয়ে দলের নীতি পরিবর্তন করার জন্য আবেদনও করেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়ার কাছে। তখন কংগ্রেসের নীতি বদলানোর দাবিতে গড়া জি-২৩–এর একজন সক্রিয় নেতা ছিলেন এই কপিল সিব্বাল। যদিও কপিল সিব্বাল কংগ্রেসের নীতির সমালোচনা করলেও তিনি সোনিয়ার সমালোচনা থেকে বিরত ছিলেন।

আগামী ১০ জুন ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার উত্তর প্রদেশ কোটার ১১টি শূন্য আসনের নির্বাচন। এ ১১টির মধ্যে ৩টি আসনে নিশ্চিত জয় পাবে সমাজবাদী পার্টি। এসব হিসাব–নিকাশ করে কপিল সিব্বাল রাজ্যসভায় থাকার জন্য দল বদল করে ভেড়েন সমাজবাদী পার্টিতে। যদিও এই সমাজবাদী পার্টির মনোনয়নের আগে কপিল সিব্বাল চেয়েছিলেন তৃণমূলের সমর্থন নিয়ে রাজ্যসভার সদস্য হতে। এ লক্ষ্যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কথা বলেন। দেখাও করেন মমতার কালীঘাটের দপ্তরে। কিন্তু মমতা কপিল সিব্বালকে মনোনয়ন দিতে চাইলেও একটি শর্ত জুড়ে দেন, তাঁকে তৃণমূলে যোগ দিতে হবে। তাতে সায় দেননি কপিল সিব্বাল। কপিল সিব্বাল দলীয় প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান। কিন্তু ওই প্রস্তাবে সায় দেয়নি তৃণমূল। কপিল সিব্বাল তাঁর এ দাবি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন, কথা বলেন।

অভিষেকও জানিয়ে দেন, তাঁদের দলের তাঁর ব্যাপারে আপত্তি না থাকলেও তাঁকে তৃণমূলে যোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে না নিয়ে তিনি যোগাযোগ করেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে। অখিলেশ যাদব কপিল সিব্বালের আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দেন, উত্তর প্রদেশের কোটায় তাঁকে মনোনয়ন দেবে সমাজবাদী পার্টি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে কাজ করবেন রাজ্যসভায়।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে কপিল সিব্বাল ছুটে যান লক্ষ্ণৌতে। গতকাল তিনি রাজ্যসভার প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। বাকি দুটি আসনে সমাজবাদী পার্টি প্রার্থী দেবেন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব এবং দলের অন্যতম নেতা জাভেদ আলি খানকে।

গত পাঁচ মাসে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা দল ছেড়েছেন। এঁরা হলেন মনমোহন সিং জমানার সাবেক প্রতিমন্ত্রী পিএন সিং, ইউপিএ-২ সরকারের আইনমন্ত্রী অশ্বিনী কুমার, পাঞ্জাবের সাবেক কংগ্রেস সভাপতি সুনীল জাখরে, গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল।