
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ ভারতজুড়ে আজ বুধবার ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এখানে লাখো মুসলিম নামাজ আদায় করেন।
নামাজ পরিচালনা করেন কারি ফজলুর রহমান। রেড রোড ছাড়াও কলকাতায় আরও বেশ কটি বড় জামাত অনুষ্ঠিত হয় পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে। মুসল্লিরা দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন জামাতে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাতও করা হয় আজ।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র কোরবানির ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।