চোখের সমস্যার ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি
বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। তাঁর বয়স এখন ৭৪ বছর। ধীরে ধীরে তিনি দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। চোখে আলো সহ্য করতে পারছেন না। থাকতে হচ্ছে আলোহীন ঘরে। চোখে পরতে হচ্ছে আলো নিরোধক চশমা। কাউকে চিনতে পারছেন না। বাড়িতে বসেই চোখের চিকিৎসা চলছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে তাঁর চোখের চিকিৎসার দায়িত্ব নিতে চাইলেও তিনি দুবার প্রত্যাখ্যান করেছেন। নিজের দল সিপিএমের কেন্দ্রীয় কমিটি তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বললেও তিনি সম্মত হননি। ফলে কেউ তাঁর সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করতে চাইলে অন্ধকার কক্ষে তাঁর সঙ্গে কথা বলতে হচ্ছে।

সিপিএম সাংসদ মহম্মদ সেলিম ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, চোখের সমস্যায় কষ্ট পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দৃষ্টিশক্তি ক্রমে কমছে। তাঁর চোখের এ সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় চোখের চিকিৎসা করাতে কিউবা গিয়েছিলেন। চিকিৎসকেরা বলেছিলেন, বয়স বাড়লে চোখের সমস্যা আরও বাড়বে তাঁর।

২০১১ সালে বামফ্রন্টের একটানা ৩৪ বছর শাসনের পর রাজ্য বিধানসভার নির্বাচনে ব্যাপক পরাজয় ঘটে বামফ্রন্টের। এরপরই তিনি বিদায় নেন। নতুন মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সক্রিয় রাজনীতি থেকে অনেকটা সরে গেছেন। গত কয়েক বছরে তিনি কয়েকবার অসুস্থ হয়ে পড়েন।