ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেসরকারি হাসপাতালের লাগাম ধরতে তিনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, সেভাবে বেসরকারি স্কুল-কলেজের লাখ লাখ টাকা ডোনেশন নেওয়া ঠেকানোর ব্যবস্থা নেবেন।
শুক্রবার রাজ্য বিধানসভায় স্বাস্থ্য বিল নিয়ে তাঁর সমাপনী ভাষণে মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে তিনি এ বিষয়ে বিল তুলিয়ে তা পাস করাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ নিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।
শুক্রবারই রাজ্য বিধানসভায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম-স্বেচ্ছাচারিতা বন্ধের কঠোর ব্যবস্থা রেখে একটি বিল পাস করা হয়। কলকাতার বহু শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেগুলো নার্সারি শ্রেণিতে ভর্তি করতেও লাখ টাকা ডোনেশন নিয়ে থাকে।