তৃণমূলের অবস্থা একদিন কংগ্রেসের মতো হবে

কলকাতার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জে পি নাড্ডা
ছবি: প্রথম আলো

ভারতের বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, ভারতের অধিকাংশ আঞ্চলিক দলই শেষ পর্যন্ত পারিবারিক দলে পরিণত হচ্ছে। আরজেডি থেকে সমাজবাদী পার্টি, আকালি দল থেকে ন্যাশনাল কনফারেন্স—সব দলই। কংগ্রেস তো আগেই পারিবারিক দলে পরিণত হয়েছে। একটা সময় মনে করা হতো কংগ্রেস অজেয় দল। কিন্তু আজ সেই দিন নেই কংগ্রেসের। কংগ্রেস শুধু ভারত মুক্ত নয়, ভারত লুপ্ত হয়ে পড়েছে। তৃণমূল তো ‘পিসি–ভাইপো’র দল। তৃণমূলের অবস্থাও একদিন কংগ্রেসের মতো হবে। গতকাল বুধবার বিকেলে কলকাতার পাবলিক লাইব্রেরির  মিলনায়তনে বিজেপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।  

ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত সভায় নাড্ডা আরও বলেন, দ্রুত গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। মানুষ ইতিমধ্যেই তৃণমূলের শাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে। তৃণমূলের দুর্নীতির খবর এখন এই রাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ পেয়েছে। মানুষ বুঝে গেছে, তৃণমূল ক্ষমতায় টিকে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম পাল্টে নিজেদের নাম দিয়ে বিভ্রান্ত করছে।

লালুপ্রসাদ যাদবের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে নাড্ডা বলেন, একসময় বিহারের লালুপ্রসাদ যাদব বলতেন, ‘আমিই বিধান, আমিই সংবিধান।’ আজ সেই লালুপ্রসাদ দুর্নীতিতে জড়িয়ে কারাদণ্ড ভোগ করেছেন। এখন তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। তাই বলছি, এই পশ্চিমবঙ্গে কিছুদিন বছর পর পিসি–ভাইপোর দলেরও একই দশা হবে।

এ সময় আন্দোলেনে ডাক দিয়ে নাড্ডা বলেন, এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টাবে। কিন্তু আপনাদের ঘরে বসে থাকলে চলবে না। এই পাল্টানোর আন্দোলনে আপনাদের শরিক হতে হবে। আপনারা লড়াইয়ে নামুন। লড়াই করতে গেলে বিরোধী দল মার খাবেই। মানুষের সঙ্গ ছাড়বেন না। লড়াইয়ের মাঠ ছাড়বেন না। দেখবেন একসময় মানুষ আপনাদের দিকেই ঘুরে দাঁড়াবে।

তিন দিনের সফরে গত মঙ্গলবার রাতে জে পি নাড্ডা কলকাতায় আসেন। আজ সকালে বেলুর মঠ এবং বিকেলে কলকাতার বিশিষ্টজনদের সঙ্গে এক বৈঠক সেরে সন্ধ্যায় তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

গতকাল সকালে জে পি নাড্ডা হুগলির চুঁচুরায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত ‘বন্দেমাতরম ভবন’ পরিদর্শন করেন। এরপর তিনি চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ সেন্টার ঘুরে দেখেন এবং বিভিন্ন ইতিহাসের বিষয়ে অবগত হন। বিকেলে তিনি যোগ দেন কলকাতার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সভায়।