ত্রিপুরার বিপ্লবনামা এবং বিপ্লবকে নিয়ে দুই মানিকের গল্প

নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা
নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরায় বিপ্লবকে নিয়ে আবার বিপ্লব হলো। সেই বিপ্লবে পরাস্ত হলেন বিপ্লব দেব। এই বিপ্লবই ২০১৮ সালে ত্রিপুরার রাজ্য বিধানসভার নির্বাচনে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় থাকার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিলেন এই বিপ্লব। এলেন এক মানিক। মানিক সরকার নন, মানিক সাহা। তিনি এ রাজ্যর নতুন মুখ্যমন্ত্রী হলেন।

এবার ত্রিপুরার পালাবদলে হারিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগেই হারিয়ে গেছেন বামফ্রন্টের একটানা ২০ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা মানিক সরকার। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৮ সালের মার্চ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত। আর এবার বিপ্লব দেবকে আবার আরেক বিপ্লব এসে সরিয়ে দিয়ে চেয়ারে বসানো হলো বিজেপিরই নেতা মানিক সাহাকে। মানিক সাহা হচ্ছেন উত্তর–পূর্ব ভারতের চোট্ট রাজ্য ত্রিপুরার ১১তম মুখ্যমন্ত্রী। বিদায় নিলেন দোর্দণ্ড প্রতাপের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৮ সালের মার্চ থেকে ২০২২ সালের ১৪ মে পর্যন্ত। গতকাল বিকেলে বিজেপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন।

এদিনই বিকেলে বিজেপির রাজ্য পরিষদীয় দলের এক বৈঠকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত হয় ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি মানিক সাহাকে। যদিও পরিষদীয় দলের বৈঠকের পর বিজেপির পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নেতা ভুপেন্দ্র যাদব যখন মুখ্যমন্ত্রী পদে ঘোষণা দেন মানিক সাহার নাম, তখন হইচই শুরু হয়। অনেকেই মানতে পারছিলেন না মানিক সাহাকে। তবু কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে দলের বিধায়কেরা মেনে নেন শেষ পর্যন্ত মানিক সাহাকে।

বিপ্লব দেব

মেয়াদ শেষের ১০ মাস আগে হঠাৎ করে বিপ্লব দেবের ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে যায়। ত্রিপুরা বিধানসভার ৬০ আসনের নির্বাচন হওয়ার কথা আগামী বছর। কিন্তু তাঁর আগে কেন বিপ্লব দেবকে ইস্তফা দিতে হলো, তা নিয়ে ত্রিপুরার রাজনীতিতে জল্পনার অভাব নেই। তবে সবচেয়ে যে কথাটি এখন হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তা হলো, বিপ্লব দেবের কিছু বেফাঁস মন্তব্য সেই সঙ্গে অপরিণত কথাবার্তা। এতে করে কার্যত ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিজেপির।

তাই আগামী বছরের বিধানসভা নির্বাচনে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া যাতে মানুষের মধ্যে দেখা না দেয়, সেই লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা আগেভাগেই বিপ্লবকে সরিয়ে দিয়ে রাজ্যে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াস চালিয়েছেন। আর তার লক্ষ্য হিসেবে সরিয়ে দেন বিপ্লব দেবকে। বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, বিপ্লবের কারণে যদি এ রাজ্যে বিজেপিবিরোধী হাওয়া জোরদার হয়, তবে সে ক্ষেত্রে বিজেপি সমস্যায় পড়তে পারে। তাই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপি সরিয়ে দেয় বিপ্লব দেবকে। আর বসায় স্বচ্ছ ভাবমূর্তির চিকিৎসকনেতা মানিক সাহাকে।

মানিক সাহা পেশাগতভাবে একজন দন্তচিকিৎসক। তিনি ত্রিপুরা মেডিকেল কলেজের দন্ত বিভাগের প্রধান। এ ছাড়া তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও। ২০১৬ সালে মানিক সাহা কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। আর এবার মানিক সাহা হয়ে গেলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তাঁকে আগামী ছয় মাসের মধ্যে ত্রিপুরার কোনো একটি বিধানসভা আসন থেকে বিধায়ক হয়ে আসতে হবে। ত্রিপুরা বিধানসভার পরবর্তী নির্বাচন ২০২৩ সালে।

এদিকে ইস্তফা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, ‘আমি বিজেপির একনিষ্ঠ কর্মী। দল, রাজ্য বিজেপি আমাকে যেভাবে নির্দেশ দেবে, সেভাবে আমি দলের জন্য কাজ করে যাব। আমার লক্ষ্য হবে ত্রিপুরায় বিজেপিকে আরও শক্তিশালী করা।’

মানিক সরকার

কী বেফাঁস ও অপরিপক্ক কথা বলেছেন বিপ্লব

বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘মহাভারতের যুগে ইন্টারনেট ছিল। যার কারণে অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের বর্ণনা দিতে পেরেছিল সঞ্জয়। বলেছেন, সেই যুগে কৃত্রিম উপগ্রহেরও অস্তিত্ব ছিল। বলেছেন, সব সময় সরকারি চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরে লাভ কি? প্রত্যেকের উচিত, গরু পালন করা। গরুর দুধ বেচে তারা ১০ বছরে ১০ লাখ আয় করতে পারবে।’

শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি একসময় বলেছিলেন, আপনারা হাঁস পালন করুন। এর ফলে ডিমও পাবেন। তা বিক্রি করে আয় করতে পারবেন। আবার পরিবেশে অক্সিজেনের জোগান দিতে পারবেন। হাঁস পরিবেশে অক্সিজেনের জোগান দিতে সাহায্য করে। তিনি এ লক্ষ্যে গ্রামের পুকুরে হাঁস পালনের জন্য একটি পরিকল্পনারও কথা বলেছিলেন। ত্রিপুরার প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের ওই অনুষ্ঠানে বলেছিলেন, হাঁস জলে সাঁতার কাটার সময় অক্সিজেন ছাড়ে। তাই তিনি ত্রিপুরার মানুষকে হাঁস পালনের পরামর্শ দিয়েছিলেন।

আবার সিভিল সার্ভিস দিবসে বলেছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা নন, সিভিল ইঞ্জিনিয়াররাই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নেবেন। বিপ্লব দেব বিজেপির পক্ষে বলেছিলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে বললে নখ উপড়ে ফেলা হবে।

বিপ্লব দেব এ কথাও বলেছেন, আগেকার দিনে ভারতীয় নারীরা কোনো প্রসাধনী ব্যবহার করতেন না। তাঁরা শ্যাম্পু ব্যবহার করতেন না। তাঁরা মেথির জল আর কাদামাটি দিয়ে মুখ ধুতেন। তিনি বলেন, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতা আসলে মার্কেটিং মাফিয়াদের একটা কৌশল। আবার তিনি বৌদ্ধদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, ভগবান বুদ্ধ, বৌদ্ধধর্ম প্রচারের জন্য চীন-জাপান-মিয়ানমার হেঁটে সফর করেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কথা বলতে গিয়ে বিপ্লব একটি অনুষ্ঠানে বলেছিলেন, মোদিজির বৃদ্ধা মা রয়েছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। এখনো তাঁর এক ভাই মুদিদোকান চালান। আর এক ভাই অটো চালান। দুনিয়ায় এমন কোনো প্রধানমন্ত্রী আছেন এমন? আবার মুখ্যমন্ত্রীর গদিতে বসার আগে তিনি এক সভায় বলেছিলেন, কমিউনিস্টরা যদি সব দেশে থাকতে পারে, তবে বিজেপি নয় কেন? এবার বিজেপি দখল করবে নেপাল ও শ্রীলঙ্কা।

বিপ্লব দেব বিশ্বের বুকে ভারতের নারী বলতে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইকে বোঝান। সাবেক বিশ্বসুন্দরী ডায়না হেডেন ভারতীয় নারীর প্রতিনিধি হতে পারেন না। ডায়না হেডেনের জন্ম ভারতের হায়দরাবাদে এক খ্রিস্টান পরিবারে। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলে বসেন, পাঞ্জাবের জালিওলানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল ফিরিয়ে দিয়েছিলেন। আসলে রবীন্দ্রনাথ ওই ঘটনার প্রতিবাদে তাঁকে দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন।

এভাবে বহু মন্তব্য আর অপরিপক্ক কথা বলে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিপ্লব দেব। তাই বিপ্লব দেবকে সরিয়ে বিজেপি ত্রিপুরায় দলের ভাবমূর্তি উদ্ধারের জন্য উদ্যোগ নেয়। ফলে বিজেপি বেছে নেয় মানিক সাহাকে।

এ ত্রিপুরায় বামফ্রন্টের নেতা মানিক সরকার একটানা ২০ বছর ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছিলেন। সেই মানিক সরকারকে বিপ্লব দেব এসে উড়িয়ে দিল ২০১৮ সালে। আবার ২০২২ সালে মানিক সরকার নন; মানিক সাহা এসে আবার উড়িয়ে দিলেন বিপ্লব দেবকে। দেখা যাক, তিনি কত দিন টেকেন।