
ফিল্মের কোনো স্ট্যানবাজি নয়। ধরা পড়েছে পেছনে থাকা প্রাইভেটকারের ক্যামেরায়। ভারতের বেঙ্গালুরুর মহাসড়কে গত রোববার বিকেলে অবিশ্বাস্য ওই ঘটনা ঘটে। উচ্চগতিতে থাকা ওই বাইক থেকে স্বামী-স্ত্রী পড়ে গেলেও তাঁদের শিশু বাইকে চেপে চলে গেছে প্রায় আধা কিলোমিটার!
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট ভিডিও সংযুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। যাতে বলা হয়, ওই দিন মোটরসাইকেলযোগে এক দম্পতি তাঁদের শিশুসন্তানকে নিয়ে নিলামঙ্গলা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বেঙ্গালুরু শহরের যাচ্ছিলেন। শিশুটির বাবা ছিলেন চালকের আসনে। আর শিশুটি সামনে তেলের ট্যাংকির ওপর, পেছনে স্ত্রী।
ভিডিওতে দেখা যায়, সড়কের বাঁ পাশ ঘেঁষে মোটরসাইকেলটি চলছিল। এমন সময় সামনে থাকা একটি স্কুটিকে ওভারটেক করতে যায় এটি। কিন্তু তখনই ঘটে বিপত্তি। প্রথমে ওই ব্যক্তির স্ত্রী সড়কে ছিটকে পড়েন। এর পরপরই ছিটকে পড়েন ওই ব্যক্তি। কিন্তু তাঁদের শিশুসন্তান মোটরসাইকেলের ওপরই বসে রইল। আর উচ্চগতিতে থাকা বাহনটিও চলছি নিজের মতো করে।
ভিডিওতে দেখা যায়, ওই দম্পতি ছিটকে পড়ার পর মোটরসাইকেলটি প্রথমে দুটি প্রাইভেটকারের পাশ ঘেঁষে একটি ট্রাকের পেছনে গিয়ে পৌঁছায়। এরপর সড়কের ডান পাশে শিশুটি নিয়ে ঘাসের ওপর আঁচড়ে পড়ে। এ সময় পেছনে থাকা এক স্কুটিচালক ও আশপাশে থাকা কয়েকজন যুবক ওই শিশুকে উদ্ধার করে।
এনডিটিভির খবরে বলা হয়, এই ঘটনায় শিশুটি কোনো ধরনের আহত হয়নি। তবে তার বাবা-মা আহত হয়েছেন। ভিডিওতে দেখা যায়, তাঁদের কারওই মাথায় হেলমেটও ছিল না। অন্য একটি গণমাধ্যমের খবরে বলা হয়, চলন্ত অবস্থায় শিশুটির বাবা মোবাইলে কথা বলছিলেন।
তবে শিশুটির বয়স ঠিক কত. তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ভিডিও দেখে যতটুকু বোঝা যাচ্ছে, তাতে শিশুটির বয়স তিন থাকে সর্বোচ্চ চার বছর হবে। আর যে ব্যক্তির গাড়ির ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে, ওই ব্যক্তির নাম কার্তিক গৌড়া। তিনি নিজেও পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। ইতিমধ্যে বেঙ্গালুরুর সিটি পুলিশ তাদের টুইটারে পোস্ট করেছে।