ভারতের মধ্যে এই প্রথম কলকাতায় তৈরি হচ্ছে আধুনিক মৎস্য হাসপাতাল। কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার চকগড়িয়ায় ২০১৫ সালের মাঝামাঝি এই হাসপাতালের নির্মাণকাজ শেষ হবে।
চকগড়িয়ার পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের লাগোয়া ১০ একর জমির ওপর তৈরি এই হাসপাতালে মাছের বিবিধ অস্বাভাবিকতা ও বিভিন্ন রোগের চিকিৎসা হবে।
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ মাইক্রোবায়োলজিস্ট ও এই প্রকল্পের প্রধান টি জে আব্রাহাম সংবাদমাধ্যমকে বলেন, এ ধরনের হাসপাতাল বিদেশে দেখা গেলেও ভারতে প্রথম এ হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাসপাতালে মাছের চিকিৎসার পাশাপাশি চাষিদের মাছের উৎপাদন বৃদ্ধিসহ মাছ চাষের নানা দিকের পরামর্শও দেওয়া হবে।