বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না। বিজেপির দিন শেষ হয়ে আসছে। মানুষ এই ধর্মান্ধ দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ২০২৪-এর নির্বাচনে আসবে বিজেপিবিরোধী এক ধর্মনিরপেক্ষ জোট সরকার।

আজ মঙ্গলবার দুপুরে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। এ সময় তিনি মোদির উদ্দেশে আরও বলেন, ‘হয় আমাদের বকেয়া টাকা দিন, নয় ক্ষমতা ছেড়ে চলে যান। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। গরিবের টাকা নিয়ে এভাবে খেলা করবেন না। এখন পশ্চিমবঙ্গের গরিব মানুষ ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না। আমাদের রাজ্যের এখনো কেন্দ্রীয় সরকারের কাছে ৭ হাজার কোটি রুপি বকেয়া পাওনা রয়েছে। সেই টাকা পরিশোধ করে গরিবদের বাঁচান, নইলে ক্ষমতা ছেড়ে দিন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর আপনারা জিততে পারবেন না। আপনারা আর সিবিআই-ইডি দিয়ে রাজ্যবাসীকে হয়রানি করতে পারবেন না। সীমান্তের গরু পাচার মামলাসহ অন্যান্য ভুয়া মামলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। ২০২৪ সাল পশ্চিমবঙ্গে বিজেপির নো এন্ট্রি।’

এর আগে গতকাল সোমবার উত্তর-২৪ পরগনার শ্যামনগরে তৃণমূল আয়োজিত এক সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বাংলা থেকে আমরা এবার বিজেপিকে শূন্য করব।’ শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের ময়দানে আয়োজিত এই সমাবেশে অভিষেক আরও বলেন, ‘বাংলার মাটিতে বিজেপির ঠাঁই নেই। এই বাংলা থেকে বিজেপিকে হটানোর জন্য আমাদের বিজেপিবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’

যদিও রাজ্যজুড়ে সিবিআই-ইডির বিভিন্ন মামলার তদন্ত নিয়ে শুরু হওয়া দাপটে অনেকটাই শঙ্কিত তৃণমূল। তাই অভিষেক বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-ইডির ভয়ে আমি কম্পিত নই। আমাকে দুবার ডেকেছে। আমি গিয়েছি সিবিআই দপ্তরে। তাই আমি আবার বলছি, আমার বিরুদ্ধে সিবিআই–ইডি লাগিয়ে কাজ হবে না। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুবরণ করব।’

গত ২০২১ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৭৭টি আসন পেয়েছিল। তৃণমূল পেয়েছিল ২১৩টি আসন। বিজেপির এই আসনের মধ্যে ইতিমধ্যে ৮টি আসন চলে গেছে তৃণমূলের দিকে। এখন বাকি রয়েছে ৬৯টি আসন।

তৃণমূল নেতারা বলছেন, বিজেপির বাকি ওই আসনের মধ্যে এখন ১৮ থেকে ২২টি বিধানসভার আসনের বিধায়কেরা বিজেপি ছেড়ে তৃণমূলে পা বাড়িয়ে রেখেছেন।