
পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভাঙন ঠেকাতে সন্দেহভাজন নেতাদের ওপর কড়া নজরদারি শুরু করেছেন দলের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য গোয়েন্দারা। দল থেকে কারা বের হয়ে যেতে পারেন, এমন নেতাদের একটি সম্ভাব্য তালিকাও তৈরি করেছে তৃণমূল।
তৃণমূলের দ্বিতীয় শক্তিধর নেতা ও সাংসদ মুকুল রায় গত ২৫ সেপ্টেম্বর দল থেকে পদত্যাগ করেছেন। এরপর থেকে তৃণমূল কংগ্রেস ভাঙছে বলে রাজনীতিতে আলোচনা চলছে। মুকুল রায়ের সঙ্গে আরও বেশ কয়েকজন বিধায়ক, রাজ্যমন্ত্রী ও সাংসদ দল ছাড়তে পারেন বলে ধারণা অনেকের।
আজ বৃহস্পতিবার কলকাতার গণমাধ্যমের খবরে বলা হয়, মুকুল রায়ের সঙ্গে দলের কোন নেতা যোগাযোগ রাখছেন এবং কারা দল থেকে বেরিয়ে যেতে পারেন, তার একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে তৃণমূল। তালিকায় রয়েছেন ৩০ জন বিধায়ক ও ৬ জন সাংসদ। বিধায়কদের মধ্যে চারজন রাজ্য মন্ত্রিসভার সদস্য রয়েছেন। এ ছাড়া জেলা পরিষদের তিনজন সভাধিপতিও আছেন এই তালিকায়। তালিকায় থাকা বিধায়কদের মধ্যে ২০ জন দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের ১০ জন। মুকুল রায়ের পথে যেন এই সব নেতা পা বাড়াতে না পারেন সে কারণে তাঁদের ওপর দল ও রাজ্য গোয়েন্দা পুলিশ নজরদারি চালাচ্ছে।
২০১৯ সালে অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের পদত্যাগের ঘটনা তৃণমূলকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে। ৯ অক্টোবর মুকুল রায়ের দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা। পরে কেন তিনি তৃণমূল ছাড়লেন বা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি কী, তা দিল্লিতেই সংবাদ সম্মেলনে জানানোর কথা তাঁর।