মুকুল রায় বিজেপিতে

মুকুল রায়। ফাইল ছবি
মুকুল রায়। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দিলেন। আজ শুক্রবার বিকেলে রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটিতে যোগ দেন তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী মুকুল রায়।
মুকুল রায় ভারতীয় রাজ্যসভায় তৃণমূলের মনোনীত সংসদ সদস্য ছিলেন। গত মাসে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। গত ২৫ সেপ্টেম্বর মুকুল রায় নতুন দল করার ঘোষণা দিলে তৃণমূল তাঁকে ‘দলবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে বহিষ্কার করে।
বেশ কিছুদিন থেকেই বিজেপিতে মুকুল রায়ের যোগ দেওয়া নিয়ে কানাঘুষা চলছিল। সম্প্রতি তিনি বিজেপিকে একটি ধর্মনিরপেক্ষ দল হিসেবে মন্তব্য করেন। তিনি এ-ও বলেন, বিজেপির সহযোগিতা ছাড়া তৃণমূল গঠিত হতে পারত না।
মুকুল রায় (৬৩) তৃণমূলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯৮ সালে দল গঠন করার সময় থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন।
সম্প্রতি মুকুল রায় তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ আনেন। দিন কয়েক আগে রাজধানী দিল্লিতে যাওয়ার পর তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করেন।
পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচিত সারদা ও নারদ কেলেঙ্কারিতে মুকুল রায়ের জড়িত থাকার অভিযোগ ছিল।