মুম্বাইয়ের কেন্দ্রস্থলে বহুতল একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে পারেল এলাকায় ক্রিস্টাল টাওয়ার নামের ওই ভবনের ১২ তলায় এ আগুন লাগে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চারটি জলকামান নিয়ে পুলিশ এবং বৈদ্যুতিক কারিগরেরা আগুন নেভাতে যোগ দেন।
আহত লোকজনকে শহরের কেইএম হাসপাতালে নেওয়া হয়েছে।
মুম্বাই ফায়ার ব্রিগেডের প্রধান পিএস রাহাংদালে পিটিআইকে বলেন, আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাসিন্দারা সিঁড়িতে আটকা পড়েন।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।