যেকোনো পরিস্থিতিতে কাশ্মীরেই পণ্ডিতদের রাখতে চায় সরকার

জম্মু যেতে না দেওয়া বা কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ধরে রাখার সিদ্ধান্তটি সম্পূর্ণই রাজনৈতিক।
ছবি : এএফপি

এভাবে আচমকা কাশ্মীরি পণ্ডিতেরা শাঁখের করাত হয়ে উঠবেন, ভারতের কেন্দ্রীয় সরকার তা ধারণাই করতে পারেনি। কিংকর্তব্যবিমূঢ় সরকার আপাতত ঠিক করেছে, যেভাবেই হোক কাশ্মীর উপত্যকায় পণ্ডিতদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই তাঁদের জম্মু যেতে দেওয়া হবে না।

সরকার ঠিক করেছে, বিভিন্ন সরকারি প্রকল্পে উপত্যকায় যোগ দেওয়া পণ্ডিতদের কম উপদ্রুত জেলার সদরে বদলি করা যেতে পারে। পণ্ডিতদের নিরাপত্তা আরও বাড়ানো হবে। কিন্তু কোনো অবস্থাতেই তাঁদের জম্মু যেতে দেওয়া হবে না। গত বৃহস্পতি ও শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে উপত্যকার সার্বিক পরিস্থিতি বিবেচনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় সূত্রের খবর, আজ সোমবারের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।

জম্মু যেতে না দেওয়া বা কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ধরে রাখার সিদ্ধান্তটি সম্পূর্ণই রাজনৈতিক। সরকারের ভাবমূর্তির সঙ্গেও পুরোপুরি যুক্ত। শাসক বিজেপির শীর্ষ নেতারা মনে করছেন, এত কিছুর পর পণ্ডিতেরা যদি নিরাপত্তার প্রশ্নে উপত্যকা ছেড়ে জম্মুর অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় চলে যান, তাহলে তা সরকারের ব্যর্থতা বলেই চিহ্নিত হবে। প্রমাণিত হবে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ, রাজ্য দ্বিখণ্ডিত এবং যাবতীয় দমনমূলক ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও উপত্যকার পরিস্থিতি একই রকম রয়ে গেছে। সন্ত্রাসবাদের চরিত্রে বদল ঘটেছে, কিন্তু পণ্ডিতসহ অন্যান্য হিন্দু এখনো নিরাপদ নয়।

এরই মধ্যে পণ্ডিতদের বদলির তালিকা ফাঁস হয়ে যাওয়ায় ক্ষোভ বেড়েছে। কারণ, সেই তালিকায় কে, কোথায় বদলি হচ্ছে, তা প্রকাশিত হয়ে যাওয়ায় পণ্ডিতদের নিরাপত্তা শঙ্কা আরও বেড়েছে।

মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, পণ্ডিতদের চলে যেতে দিলে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্প এবং সার্বিকভাবে কাশ্মীর নীতি ব্যর্থ বলে চিহ্নিত হবে। প্রমাণ হবে, ১০ থেকে ২০ বছর আগে কাশ্মীরের হাল যেমন ছিল, এখনো তেমনই। কংগ্রেস ও অন্যদের আমলে পণ্ডিত সমাজ উপত্যকাকে নিরাপদ মনে না করে চলে গিয়েছিলেন, এখন বিজেপি আমলেও তাঁরা সেই একই কারণে উপত্যকা ছেড়ে চলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভাবমূর্তি তাতে কালিমালিপ্ত হবে। এই কারণে কাশ্মীরি পণ্ডিতেরা হয়ে উঠেছেন শাঁখের করাত।

সরকার না চাইলেও গত দুই সপ্তাহে কয়েক শ পণ্ডিত পরিবার উপত্যকার বিভিন্ন আবাসন প্রকল্প ছেড়ে জম্মু চলে গেছে। গত দুই সপ্তাহে এভাবে চলে যাওয়া পরিবারের সংখ্যা অন্তত আড়াই শ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর। গণপলায়ন রুখতে বিশেষভাবে নির্মিত আবাসনগুলোর চারধারে নিরাপত্তারক্ষীদের পাহারা বাড়ানো হয়েছে। আবাসনের সামনে তৈরি করা হয়েছে ব্যারিকেড। শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আপাতত ১৭৭ জন পণ্ডিত শিক্ষক-শিক্ষিকাকে উপত্যকার কম উপদ্রুত অঞ্চলে বদলি করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা শুক্রবারের ওই বৈঠকে যোগ দিয়েছিলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোপ্রধান অরবিন্দ প্রধান, সেনাপ্রধান মনোজ পাণ্ডে, ‘র’–এর মহাপরিচালক সামন্ত গোয়েল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তার সঙ্গে যুক্ত সব উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁদের সুচিন্তিত অভিমত, সন্ত্রাসীরা তাদের কৌশল বদল করেছে। নানাবিধ কড়াকড়ির জন্য নিরাপত্তা বাহিনীকে আক্রমণ না করে তারা ‘সফট টার্গেট’ হিসেবে পণ্ডিত ও অন্য হিন্দুদের বেছে নিচ্ছে। তারা চায় আগের সব সরকারের মতো বিজেপির সরকারকেও ব্যর্থ করতে।

গোয়েন্দাদের ধারণা, ইদানীং কাশ্মীরে যেসব চোরাগোপ্তা ‘বাছাই হত্যা’ হচ্ছে, তা করছে স্থানীয় সন্ত্রাসীরা। ব্যাংক ম্যানেজারকে মারা হয়েছে সাধারণ রিভলবার দিয়ে। এর মধ্য দিয়ে প্রমাণিত, নিয়ন্ত্রণরেখায় নজরদারি সফল। অনুপ্রবেশ কমে গেছে। কমেছে অস্ত্র আমদানিও। পাকিস্তানের মদদপ্রাপ্ত সন্ত্রাসীরা তাই স্থানীয় জঙ্গিদের ওপর নির্ভর করছে বেশি। এই কারণে বৈঠকে ঠিক হয়েছে, স্থানীয় থানা পর্যায়ে নজরদারি বাড়ানো হবে। সে জন্য স্থানীয় পুলিশ কর্তাদের আরও বেশি করে কাজে লাগাতে হবে, আস্থায় নিতে হবে, যাতে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহ জোরালো হয়। পাশাপাশি ঠিক হয়েছে, অমরনাথ যাত্রাপথ নিশ্ছিদ্র করা হবে। সরকার চায় না তীর্থযাত্রীদের ওপর কোনো রকম হামলা হোক। কেননা, তা হলে যাত্রা ব্যাহত তো হবেই। সরকারের ভাবমূর্তিও নষ্ট হবে। অমরনাথ যাত্রা শেষ হবে ১১ আগস্ট।