রাজনৈতিক খুনের হিসাবে ভারতে এখন শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
তবে এ তথ্যের সঙ্গে একমত হতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘তিন বছরে বিরোধীদের গায়ে কেউ সুড়সুড়িও দেয়নি।’
২০১৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পশ্চিমবঙ্গ রাজ্যে ২৬টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। এ পরিমাণ রাজনৈতিক খুনের ঘটনা অন্য কোনো রাজ্যে ঘটেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩ সালে ভারতে ১০১টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটে। এর মধ্যে ২৬টি ঘটে পশ্চিমবঙ্গে। তবে ২০১২ সালে ২২টি আর ২০১১ সালে ৩৮টি খুনের ঘটনা ঘটেছিল ।
২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতায় যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সিপিএম নেতৃত্ব দাবি করেছে, মমতা ক্ষমতায় যাওয়ার পর এই রাজ্যে গত তিন বছরে ১৭০ জন বামপন্থী নেতা-কর্মী খুন হয়েছেন।