ভারতের ক্ষমতাসীন জোট এনডিএর শরিক কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিবসেনার লোকসভার এক সদস্যের বিরুদ্ধে রোজাদার একজন কর্মীর মুখে জোর করে খাবার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এ ঘটনা নিয়ে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে ব্যাপক হইচই হয়েছে। অবশ্য শিবসেনার পক্ষ থেকে এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
মহারাষ্ট্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত শিবসেনার নেতা রাজন ভিচারে গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে মহারাষ্ট্র সরকারের অতিথি ভবনে এ ঘটনা ঘটান। ভিডিওচিত্রে দেখা যায়, রাজন ভিচারে অতিথি ভবনের কর্মী আরশাদ জুবায়েরের মুখে রুটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
এ ঘটনা নিয়ে গতকাল লোকসভার অধিবেশনের শুরুতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস, এআইএডিএমকেসহ বেশ কয়েকটি দলের সদস্যরা।