রোদ্দুর রায়ের জামিনের ওপর রায় স্থগিত

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লাগাতার অশালীন মন্তব্যের অভিযোগ আছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে
কোলাজ

ভারতের পশ্চিমবঙ্গের কবি, গায়ক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত ব্যক্তিত্ত্ব রোদ্দুর রায়কে আজ বৃহস্পতিবার কলকাতার নগর আদালতে তোলা হয়েছে। এ সময় আদালত চত্বরে রোদ্দুর রায়ের সমর্থনে তাঁর ভক্ত-সমর্থকেরা জড়ো হন।

তাঁদের বক্তব্য ছিল রোদ্দুর রায়কে গ্রেপ্তার করার অর্থ মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ। এই গ্রেপ্তার তাঁরা মানবেন না। অন্যদিকে রোদ্দুরের জামিনের ওপর রায় প্রদান আপাতত স্থগিত রেখেছেন আদালত।

গতকাল বুধবার রোদ্দুরকে পশ্চিম ভারতের গোয়া থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসে পুলিশ। তাঁর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ নেতৃত্বকে নিয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আজ নিজের বক্তব্যের একটি পেনড্রাইভ আদালতে জমা দেন তিনি।

দিল্লির বাসিন্দা রোদ্দুর রায় গত কয়েক বছরে সামাজিক মাধ্যমে জনপ্রিয় চরিত্র হয়ে ওঠেন। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। কর্মসূত্রে একজন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী রোদ্দুর। তিনি গান, কবিতা, আবৃত্তি, ভাষণের মাধ্যমে নিয়মিতভাবে সব দলের রাজনৈতিক নেতা, নীতিনির্ধারকসহ বস্তুত গোটা সমাজব্যবস্থাকে আক্রমণ করে চলেছেন।

ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় তাঁকে ‘অ্যানার্কিস্ট’ বলেও বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, তিনি সমাজের রাজনৈতিক ও প্রশাসনিক অবকাঠামোকে ধ্বংস করতে চান। যাবতীয় লেখালেখিতে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন আর এটাকেই তিনি প্রতিবাদের প্রধান এবং একমাত্র রাস্তা বলে মনে করেন।

ভিন্নভাবে সমাজের অসংগতিগুলো তুলে ধরায় রোদ্দুরের একটা বিরাট ভক্ত ও সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। তাঁরা মনে করেন, এই সময়ে রোদ্দুরের মতো আক্রমণাত্মক ভাষা ব্যবহারকারীর সমাজে প্রয়োজন। মুর্শিদাবাদের এক কলেজছাত্র দেবোত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ওনাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। কারণ, আমাদের সময় হিংসায় পরিপূর্ণ। রাজনৈতিক নেতা-নেত্রীরা যা খুশি তা–ই করছেন, প্রতিবাদ করার কোনো উপায় নেই। এই হিংস্র সময়ে রোদ্দুর রায়ের যে ভাষা, সেই ভাষার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।’

পশ্চিমবঙ্গের একাধিক মানবাধিকার সংগঠন ও কর্মী রোদ্দুর রায়ের গ্রেপ্তারের বিরোধিতা করেছেন। তাঁরা বলছেন, ভাষার অপপ্রয়োগ সত্ত্বেও স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের ভাষা ও মতপ্রকাশের স্বাধীনতা আছে। এটা যদি সংবিধানসম্মত সমাজব্যবস্থা হয়, তাহলে পছন্দের শব্দ ব্যবহার করার অধিকার রোদ্দুরের রয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে।

বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও রোদ্দুর রায় পরিচিত মুখ। তাঁর ভিডিওগুলোর নিচে যে মন্তব্য প্রকাশ করা হয়, তাতে দেখা যায়, অনেক সময়েই বাংলাদেশের অল্প বয়স্ক ছেলেমেয়েরা মন্তব্য করছেন।

তবে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল রোদ্দুর রায়ের সমর্থনে এগিয়ে আসেনি। শিল্পী বা শিল্পের স্বাধীনতা প্রসঙ্গেও কোনো মন্তব্য করেনি তারা। পশ্চিমবঙ্গের একটি অংশের এমনও বক্তব্য, রোদ্দুর রায় কোনো শিল্পী বা পারফর্মার নন। তিনি শুধু অশ্লীল কথা বলে সস্তা জনপ্রিয়তা পেতে চাইছেন।