বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং উপমহাদেশের শান্তি রক্ষায় বিশেষ ভূমিকার জন্যই শেখ হাসিনাকে কলকাতায় এ সংবর্ধনা দিতে চান তিনি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিব মোফাখখারুল ইকবাল প্রথম আলোকে এ তথ্য জানান।
গতকাল শুক্রবার মমতার শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার দূত হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শপথ শেষে আমুর সঙ্গে মিনিট পাঁচেক একান্তে কথা বলেন মমতা। তখনই তিনি আমুর মাধ্যমে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বাংলাদেশের মানুষকেও তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।